জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ক্রিড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক বলেন, মাত্র ৫ বছর বয়সী এই মেসিখ্যাত পিচ্চি সোহানের দায়িত্ব এখন থেকে বিএনপি নিয়েছে। তারেক রহমানের নির্দেশেই এই দায়িত্ব নেয়া হলো। সোহানের বয়স ৭ বছর হওয়ার পর বিকেএসপি কিংবা যেকোন ভালো মানের ফুটবল ক্লাবে তাকে ভর্তি করারও আশ্বাস দেন তিনি।
বৃহস্পতিবার (৭ আগষ্ট) রাতে চাঁদপুরের মতলব উত্তরের সাড়ে পান আনি গ্রামে সোহানের বাড়িতে গিয়ে তিনি এসব কথা গণমাধ্যমকে জানিয়েছেন।
আমিনুল হক বলেন, সোহানের ফুটবল খেলা নিয়ে দক্ষতা সোশ্যাল মিডিয়ার কল্যাণে তারেক রহমান দেখেছেন। তার নির্দেশেই আমি দলের হয়ে সোহানের বাড়ীতে ছুটে এসেছি। এখন কিছু আর্থিক সহায়তা সোহানের জন্য দলের পক্ষে দেয়া হলো এবং এখন থেকে প্রতি মাসে সোহানের জন্য আর্থিক সহায়তা পাঠানো হবে।
আমিনুল হক আরও বলেন, শুধু সোহানই নয় বরং এরূপ গ্রাম গ্রামান্তরে লুকিয়ে থাকা প্রতিভাবান প্রতিজন খেলোয়াড়কে নিয়ে কাজ করার মানসিকতা রয়েছে বিএনপির। যদি আগামীতে রাষ্ট ক্ষমতায় বিএনপি আসে তাহলে অবশ্যই এর সুফল এই ক্ষুদে খেলোয়াড়রা পাবে। আমরা আমাদের সাধ্যমতো সোহানদের পাশে সবসময় থাকবো এতটুকু আশ্বস্ত করছি।
জানা যায়, ২০১৯ সালের ২২ আগষ্ট চাঁদপুরের মতলব উত্তরের জহিরাবাদ ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাড়ে পাঁচ আনী গ্রামের প্রধানিয়া বাড়ীতে মোঃ সোহেল ও রেহেনা বেগম দম্পতির কোলজুড়ে জন্ম নেয় সোহান প্রধানিয়া। সোহান বর্তমানে কেজি ওয়ানে পড়ালেখা করে। তার বড় বোন মোসাম্মৎ সুরমা ৪র্থ শ্রেণীতে পড়ালেখা করে।
সোহানের পিতা সাইকেল মেকানিক মোঃ সোহেল বলেন, আমি ২৫ বছর যাবৎ সাইকেল মেকানিক হিসেবে কাজ করছি। এই আয় দিয়েই টিনসেড ঘরে পরিবার নিয়ে সংসার চালাচ্ছি। সোহানকে নিয়ে আমার অনেক স্বপ্ন। সে বড় হয়ে একজন ভালো মানের ফুটবল খেলোয়াড় হবে এবং দেশের সম্পদ হিসেবে পরিণত হবে। কিন্তু আর্থিক সঙ্কটে আমি সোহানের যত্নও নিতে পারছি না। তাই সবার কাছে সহযোগিতা চাই যাতে সোহানকে নিয়ে দেখা স্বপ্ন পূরণ করতে পারি।
শিশু সোহান বলেন, আমার বাবাই আমাকে ফুটবল খেলা শিখাচ্ছে। নিয়মিত রাস্তায় বাবার দোকানের সামনে ও পাশের বালুর মাঠে আমি ফুটবল খেলি। আমি যাতে একজন দক্ষ ফুটবল খেলোয়াড় হতে পারি। সেজন্য সবার কাছে দোয়া চাচ্ছি।
এ বিষয়ে চাঁদপুরের মতলব উত্তরের ইউএনও মাহমুদা কুলসুম মনি বলেন, সোহানের ফুটবল নিয়ে কলাকৌশল সোশ্যাল মিডিয়ায় দেখে আমি অভিভূত। তার প্রতিভা যাতে কোন সীমাবদ্ধতায় থেমে না যায় সেজন্য তার ও তার পরিবারের পাশে উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসন থাকবে। আমরা আমাদের সুযোগ অনুযায়ী তার জন্য কি করা যায় সেদিক নিয়ে কাজ করবো।
এদিন সোহানের বাড়ীতে ফুটবলার আমিনুল হকের আগমনকে কেন্দ্র করে গণমাধ্যমকর্মীসহ ক্রিড়ানুরাগী,প্রশাসন ও বিএনপিসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
পড়ুন: চাঁদপুর শহরের পদ্মা হাসপাতালে মিলল মেয়াদ উত্তীর্ণ রি এজেন্ট ও কিট : জরিমানা
এস/


