মেহেরপুর সদর উপজেলার মদনাডাঙ্গা গ্রামে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর বাল্যবিবাহ বন্ধ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাইরুল ইসলাম। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিয়ের আয়োজন বন্ধ করা হয়।
আটক করা হয় বর রাব্বি রাসেল (১৯) ও তার দুলাভাই সজীব আলী (২৮)-কে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বরকে সাত দিনের কারাদণ্ড এবং দুলাভাইকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ইউএনও এই রায় ঘোষণা করেন।
জানা গেছে, মদনাডাঙ্গা গ্রামের পেল্টু মিয়ার সপ্তম শ্রেণিতে পড়ুয়া ১৪ বছর বয়সী কন্যা খাদিজা খাতুনের সঙ্গে বিয়ের আয়োজন চলছিল। বিষয়টি জানাজানি হলে ইউএনও তাৎক্ষণিক অভিযান চালিয়ে বিয়ের আয়োজন বন্ধ করেন এবং আইনগত ব্যবস্থা নেন।
ইউএনও খাইরুল ইসলাম বলেন, বাল্যবিবাহ একটি ফৌজদারি অপরাধ। শিশুর ভবিষ্যৎ রক্ষায় কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। আজকের এই অভিযান সেই উদ্যোগেরই অংশ।
পড়ুন : মেহেরপুরের কাজিপুর সীমান্ত দিয়ে ১৮ জনকে পুশ-ইন করেছে বিএসএফ


