গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের উদ্বুদ্ধ ও সচেতন করতে মেহেরপুর জেলা তথ্য অফিসের উদ্যোগে ট্রাকযোগে উদ্বুদ্ধকরণ সংগীত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আজ রবিবার জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন জেলা তথ্য অফিসার মোঃ আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে শিল্পীরা ছন্দ, তাল ও গানের মাধ্যমে ভোটারদের ভোটাধিকার প্রয়োগে উৎসাহিত করেন।
এ সময় শিল্পীদের পরিবেশনায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি নির্বাচন আচরণবিধি, ভোটকেন্দ্রে করণীয় ও বর্জনীয়সহ বিভিন্ন বিষয় নিয়ে সাধারণ জনগণকে অবহিত করা হয়।
ভ্রাম্যমাণ ট্রাকটি মেহেরপুর জেলা সদরের গুরুত্বপূর্ণ স্থানসমূহ ছাড়াও গাংনী ও মুজিবনগর উপজেলায় ঘুরে ঘুরে সংগীত পরিবেশন করবে। এর মাধ্যমে ভোটারদের মধ্যে নির্বাচন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা হবে।
জেলা তথ্য অফিস সূত্র জানায়, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে জেলা তথ্য অফিসের চলমান নানামুখী প্রচার কার্যক্রমের অংশ হিসেবেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
পড়ুন- ভোটের দিন মায়েদের কাছে নফল রোজা ও দোয়ার আর্জি ব্যারিস্টার কায়সার কামালের


