মেহেরপুর সদর উপজেলার বামনপাড়া এলাকায় ভেজাল পানি উৎপাদন এবং বিভিন্ন অনিয়মের অভিযোগে দুটি পানির বাজারজাতকারী প্রতিষ্ঠানকে শাস্তির আওতায় এনেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার দুপুরে পরিচালিত এই অভিযানে ‘ফ্রেশ লাইফ ড্রিংকিং ওয়াটার’ প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা এবং ‘হালাল ড্রিংকিং ওয়াটার’ প্রতিষ্ঠানকে সাময়িকভাবে কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মেহেরপুর জেলার সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ মামুনুল হাসান। অভিযানে আরও সহযোগিতা করেন মেহেরপুরের নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রিয়াজ মাহমুদ, স্যানিটারি ইন্সপেক্টর মো. তারিকুল ইসলাম এবং পুলিশের একটি টিম।
মামুনুল হাসান জানান, ফ্রেশ লাইফ ড্রিংকিং ওয়াটার প্রতিষ্ঠানটি ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারা লঙ্ঘন করেছে। ফলে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে অনিয়ম রোধে কিছু নির্দেশনাও দেওয়া হয়েছে।
অন্যদিকে, ‘হালাল ড্রিংকিং ওয়াটার’ নামের আরেকটি প্রতিষ্ঠান বৈধ কাগজপত্র উপস্থাপন করতে ব্যর্থ হওয়ায় তাদের সকল কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখার আদেশ জারি করা হয়েছে। একইসঙ্গে সাধারণ জনগণকে প্রতিষ্ঠানটির পানি না কেনার অনুরোধ জানানো হয়েছে।
এই ধরনের অভিযান সম্পর্কে জানতে চাইলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জনস্বাস্থ্য রক্ষায় নিয়মিতভাবে এমন তদারকি ও অভিযান চলমান থাকবে।
পড়ুন: মেহেরপুরে বােমা সদৃশ বস্তুু ও চিরকুট উদ্ধার
এস


