মেহেরপুর-চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কের পুরাতন দরবেশপুর এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আরাফ হোসেন (১৪) নামে এক কিশোর নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। শনিবার (১১ এপ্রিল) রাত সাড়ে ৮টার সদর উপজেলার পুরাতন দরবেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরাফ হোসেন মেহেরপুর সদর উপজেলার সিংহাটি গ্রামের পশ্চিমপাড়ার তৌহিদুল ইসলামের ছেলে। আহতরা হলো, একই গ্রামের কামাল হোসেনের ছেলে হোসাইন (১৪), মেহেরপুর সদর উপজেলার মমিনপুর গ্রামের শ্রী রঞ্জিত কুমার পাত্রের ছেলে শ্রী ইন্দ্রজিৎ পাত্র (৩৫) এবং তার ভাই শ্রী সাজু পাত্র (৪০)।
স্থানীয় সূত্রে জানা যায়, আরাফ ও হোসাইন একটি টিভিএস আরটিআর মোটরসাইকেলে করে দ্রুতগতিতে মেহেরপুর থেকে চুয়াডাঙ্গার দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা ইন্দ্রজিৎ ও সাজু পাত্রের টিভিএস মেট্রো মোটরসাইকেলের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আরাফ হোসেনের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহতদের উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আরাফকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে হোসাইনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। দুর্ঘটনায় জড়িত দুটি মোটরসাইকেল জব্দ করে বারাদি পুলিশ ক্যাম্পে নেওয়া হয়েছে। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পড়ুন : মেহেরপুরে ইয়াবার টাকার বিরোধে সংঘর্ষ, অপহরণঃ গ্রেপ্তার-৫, পলাতক-১


