মেহেরপুরের গাংনী উপজেলায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গাদন খেলার ফাইনাল ম্যাচ। গাংনী উপজেলার নওয়াপাড়া যুবসমাজের আয়োজনে ১৬ দলীয় এই টুর্নামেন্টের ফাইনাল খেলা আজ মঙ্গলবার বিকেলে নওয়াপাড়া মাঠে অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় মেহেরপুরের গাংনী উপজেলার নওয়াপাড়া বাজারের মায়ের দোয়া গার্মেন্টস একাদশ ৩-০ সেটে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ধর্মদাহ একাদশকে পরাজিত করে শিরোপা অর্জন করে।
গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই গাদন খেলা দেখতে নওয়াপাড়া ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে হাজারো দর্শক মাঠে ভিড় জমান। খেলাকে কেন্দ্র করে পুরো এলাকায় উৎসবের আমেজ সৃষ্টি হয়।
এলাকার বয়োজ্যেষ্ঠরা জানান, এক সময় শরীর ও মন সুস্থ রাখার জন্য গ্রাম বাংলার প্রায় প্রতিটি পাড়া-মহল্লায় গাদন খেলার প্রচলন ছিল। কিন্তু সময়ের পরিবর্তনে ও যুব সমাজের মধ্যে মাদক ও মোবাইল ফোনে আসক্তি বাড়ায় ধীরে ধীরে হারিয়ে যেতে বসেছে এই ঐতিহ্যবাহী খেলাটি।
খেলোয়াড়রা জানান, গাদন খেলা আনন্দের পাশাপাশি শক্তি ও শারীরিক সক্ষমতার পরীক্ষা। জেলার বাইরেও বিভিন্ন স্থানে অংশ নিয়ে তারা একাধিকবার জয়লাভ করেছেন।
মায়ের দোয়া গার্মেন্টস একাদশের টিম লিডার ফারুক আহমেদ বলেন, গ্রামবাসীর বিনোদনের জন্যই এই আয়োজন করা হয়েছিল। চ্যাম্পিয়ন হতে পেরে দলের সবাই খুবই আনন্দিত। তিনি ভবিষ্যতেও এই ঐতিহ্যবাহী খেলাটি নিয়মিত আয়োজনের দাবি জানান।
খেলার রেফারি সাইফুল ইসলাম জানান, গাদন খেলার নির্ধারিত নিয়ম ও নির্দেশনা মেনেই সুষ্ঠু ও সুন্দরভাবে খেলা পরিচালনা করা হয়েছে।
আয়োজক কমিটির সভাপতি সাব্বির হোসেন বলেন, হারিয়ে যেতে বসা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গাদন খেলাকে পুনরুজ্জীবিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী দিনগুলোতেও এই খেলা নিয়মিতভাবে আয়োজন করা হবে।
পড়ুন- নেত্রকোনায় লেংগুরা ইউপি পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ সমাজসেবা কর্মকর্তা


