বিজ্ঞাপন

মেহেরপুরে মাঠে নেই ম্যাজিস্ট্রেট, ফিলিং স্টেশনে চলছে যা খুশি তাই

জেলা প্রশাসনের নির্দেশনা অমান্য করে কোন প্রকার নিয়ম-নীতির তোয়াক্কা না করেই মেহেরপুরের বিভিন্ন ফিলিং স্টেশনে অবাধে বিক্রি হচ্ছে জ্বালানি তেল। গত ২৫ মার্চ জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে জানানো হয়, যানবাহনের বৈধ কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স এবং মোটরসাইকেল আরোহীদের হেলমেট না থাকলে তেল সরবরাহ করা হবে না। কিন্তু বাস্তবে সেই নির্দেশনার প্রতিফলন দেখা যাচ্ছে না।
সরেজমিনে বিভিন্ন ফিলিং স্টেশন ঘুরে দেখা গেছে, প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে তেল বিক্রি চলছে আগের মতোই। অনেক ক্ষেত্রে লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স বা হেলমেট ছাড়াই মোটরসাইকেলে তেল দেয়া হচ্ছে। এছাড়া খোলা বোতলে তেল বিক্রির অভিযোগও পাওয়া গেছে, যা সম্পূর্ণ নিষিদ্ধ থাকা সত্ত্বেও থেমে নেই।
মোটরসাইকেল আরোহীদের অভিযোগ, স্থানীয় প্রভাব ও স্বজনপ্রীতির মাধ্যমে অনেকেই সহজেই তেল পাচ্ছেন। অথচ সাধারণ মানুষকে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও তেল না পেয়ে ফিরে যেতে হচ্ছে। এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ গ্রাহকরা।
অন্যদিকে কৃষকদের দুর্ভোগ আরও প্রকট হয়ে উঠেছে। তারা জানান, দীর্ঘ সময় লাইনে অপেক্ষা করেও প্রয়োজনীয় ডিজেল না পাওয়ায় সেচ কার্যক্রম ব্যাহত হচ্ছে। পাশাপাশি গম কাটা, মাড়াই ও ফসল পরিবহনেও দেখা দিয়েছে স্থবিরতা। ফলে মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে এবং অনেকেই আর্থিক ক্ষতির মুখে পড়ছেন।
জেলা প্রশাসনের পক্ষ থেকে ফিলিং স্টেশনগুলোতে একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের তদারকির কথা থাকলেও বাস্তবে তার উপস্থিতি চোখে পড়েনি। কয়েকটি স্টেশনে পুলিশ মোতায়েন থাকলেও অতিরিক্ত ভিড় সামাল দিতে তারা হিমশিম খাচ্ছেন। অনেক ক্ষেত্রে পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হচ্ছেন তারা।
এ বিষয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ মুঠোফোনে জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং নিয়ম মেনেই তেল বিতরণ করা হচ্ছে। তিনি আরও বলেন, একজন ম্যাজিস্ট্রেট ফিলিং স্টেশনগুলোর উদ্দেশ্যে রওনা হয়েছেন। তবে তার এই বক্তব্যের প্রায় দুই ঘণ্টা অতিবাহিত হলেও জেলার কোথাও কোনো ম্যাজিস্ট্রেট বা প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তার উপস্থিতি দেখা যায়নি।
সামগ্রিক পরিস্থিতিতে প্রশাসনের নির্দেশনা ও বাস্তব চিত্রের মধ্যে স্পষ্ট অসামঞ্জস্য দেখা দিয়েছে। এতে করে একদিকে যেমন সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছেন, অন্যদিকে নিয়ন্ত্রণহীন পরিস্থিতিতে জ্বালানি ব্যবস্থাপনায় তৈরি হয়েছে চরম বিশৃঙ্খলা।

বিজ্ঞাপন

পড়ুন:ত্রয়োদশ জাতীয় সংসদের কমিটির প্রথম বৈঠক আজ

দেখুন:কলসি ভরা স্বর্ণ দেয়ার প্রলোভনে প্রতারণা, ৩ প্রতারক গ্রেপ্তার 

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন