মেহেরপুরের গাংনী উপজেলার ধলা গ্রামে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে শহীদ হওয়া ছাত্র-জনতার আত্মার শান্তি কামনায় এক দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (২৬ মে) বিকেলে ধলা মাধ্যমিক বিদ্যালয়ের সম্মেলন কক্ষে এ দোয়া মাহফিলের আয়োজন করে শহীদ জিয়া পরিষদের মেহেরপুর জেলা শাখা।
সভায় সভাপতিত্ব করেন শহীদ জিয়া পরিষদের মেহেরপুর জেলা আহ্বায়ক এনামুল হক বেলু। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় আজীবন লড়েছেন। তাঁর আদর্শ আমাদের প্রেরণা। আজকের এই কর্মসূচির মাধ্যমে আমরা তাঁর রূহের মাগফিরাত কামনা করছি এবং জাতির দুর্দিনে নেতৃত্বের শূন্যতা পূরণে খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করছি।
প্রধান অতিথির বক্তব্যে জেলা শহীদ জিয়া পরিষদের উপদেষ্টা মোঃ ইনাস্তুল হক বলেন, বর্তমান দেশে একটি গণবিচ্ছিন্ন সরকার ক্ষমতায়। এই দমন-পীড়নের সময়েও শহীদ জিয়ার আদর্শে বিশ্বাসী তরুণরা আন্দোলনের পথ বেছে নিয়েছে। যারা শহীদ হয়েছেন, আমরা তাদের আত্মার শান্তি কামনা করছি।
প্রধান আলোচক হিসেবে গাংনী উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আকাশ আহমেদ লিটন বলেন, আমাদের নেতা শহীদ জিয়া এই দেশের জন্য জীবন দিয়েছেন। আজ যারা তার আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজপথে জীবন বিলিয়ে দিচ্ছেন, ইতিহাস তাদের ভুলে যাবে না। আমরা চাই একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশের মানুষ যেন তাদের ভোটাধিকার ফিরে পায়।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মশিউর রহমান লিপ্টন বলেন, দেশনেত্রী খালেদা জিয়ার প্রতি সরকারের অমানবিক আচরণ আজ গোটা জাতিকে স্তব্ধ করে দিয়েছে। এ অবস্থার অবসান চাইলে গণজাগরণ সৃষ্টি করতে হবে, রাজপথেই এর জবাব দিতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শহীদ জিয়া পরিষদের গাংনী উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন শাখার নেতাকর্মীবৃন্দ।
আলোচনার পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, শহীদ ছাত্রজনতা ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।আয়োজনে রাজনৈতিক কর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পরিবেশ ছিল শ্রদ্ধা, আবেগ ও প্রত্যয়ের মিশেলে অনন্য।
এনএ/


