সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবমুখর পরিবেশে মেহেরপুরে অনুষ্ঠিত হয়েছে।
সনাতনী ধর্মাচার ও প্রথা অনুসরণ করে আজ শুক্রবার (২৭ জুন) বিকেল ৫টার দিকে শহরের হরিসভা মন্দির চত্বর থেকে শুরু হয় রথযাত্রা। বর্ণাঢ্য রথটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবার হরিসভা মন্দির প্রাঙ্গণে ফিরে আসে।
শোভাযাত্রায় হিন্দু ধর্মাবলম্বীরা ‘জয় শ্রীজগন্নাথ’ ধ্বনিতে মুখরিত করে তোলে পুরো পরিবেশ। শিশু, কিশোর, যুবক ও বৃদ্ধ—সব বয়সী নারী-পুরুষের সরব উপস্থিতি এ ধর্মীয় উৎসবকে প্রাণবন্ত করে তোলে। এর আগে মন্দিরে ধর্মীয় পূজা-অর্চনার আয়োজন করা হয়।
রথযাত্রা শেষে ভক্ত ও দর্শনার্থীদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে হরিসভা মন্দির কমিটির সভাপতি বিকাশ সাহা, সহ-সভাপতি বিধান চন্দ্রনাথ, সাধারণ সম্পাদক কিশোর পাত্র, সহ-সাধারণ সম্পাদক মদন কর্মকারসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এ রথযাত্রা মেহেরপুর শহরের ধর্মপ্রাণ সনাতন সম্প্রদায়ের জন্য একটি আনন্দঘন মিলনমেলায় পরিণত হয়।
এনএ/


