মেহেরপুর সদর উপজেলা পরিষদের নিজস্ব উদ্যোগে নির্মিত আধুনিক মানের সুইমিংপুলের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১২ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন মেহেরপুরের জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মো. খায়রুল ইসলাম, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আঞ্জুমান আরা, উপজেলা কৃষি অফিসার মনিরুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার সাইদুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুল ইসলাম, বিআরডিবি অফিসার রকিবুল ইসলাম এবং উপজেলা সমাজসেবা অফিসার আনিসুর রহমান।
জানা গেছে, সদর উপজেলা পরিষদের তত্ত্বাবধানে ৭ লাখ টাকা ব্যয়ে এই সুইমিংপুল নির্মাণ করা হয়েছে। আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এই সুইমিংপুলটি ভবিষ্যতে উপজেলা পর্যায়ে সাঁতার প্রশিক্ষণ ও বিভিন্ন প্রতিযোগিতা আয়োজনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম বলেন, যোগদান করার পর থেকেই বেশ কিছু শিক্ষার্থী পানিতে ডুবে মারা গেছেন। প্রাথমিক অবস্থায় ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের সাঁতারের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। তিনি আরো বলেন, নিয়মিত সাঁতার শরীর ও মনের সুস্থতা বজায় রাখে। উপজেলা পরিষদ পর্যায়ে এমন উদ্যোগ অন্যদের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।
অনুষ্ঠান শেষে অতিথিরা সুইমিংপুলটি পরিদর্শন করেন এবং উপস্থিত শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
পড়ুন- ঝিনাইদহে নৈরাজ্যের প্রতিবাদে আইনজীবীদের বিক্ষোভ
দেখুন- ‘জুলাই সনদের বাইরে সরকারের কোনো সিদ্ধান্ত মানবে না বিএনপি’ |


