মোংলা বন্দরে কর্মরত শ্রমিকদের মজুরি ২৬ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। মোংলা বন্দর কর্তৃপক্ষের প্রত্যক্ষ সহযোগিতায় মালিক পক্ষ ও শ্রমিক প্রতিনিধিদের মধ্যে সমঝোতার ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
শ্রমিকদের কল্যাণ, নিরাপত্তা ও আর্থসামাজিক উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে মোংলা বন্দরের শ্রমিক কর্মচারী সংঘ (রেজি. নং খুলনা-২১৪৩) কর্মঘণ্টা, মজুরি বৃদ্ধি, ভাতা, বীমা, চিকিৎসা সুবিধাসহ মোট ১৮ দফা দাবি উত্থাপন করে। এসব দাবি নিয়ে মোংলা বন্দর বার্থ ও শিপ অপারেটরস অ্যাসোসিয়েশন (মালিক পক্ষ) এবং শ্রমিক প্রতিনিধিদের উপস্থিতিতে একাধিক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।
মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শাহীন রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকগুলোতে গঠনমূলক আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে শ্রমিকদের দীর্ঘদিনের অনিষ্পন্ন দাবিগুলোর নিষ্পত্তি করা হয়। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি হিসেবে শ্রমিকদের বিদ্যমান প্রথানুসারে দৈনিক ৮ ঘণ্টা কর্মঘণ্টার মজুরির ওপর ২৬ শতাংশ বৃদ্ধি অনুমোদন দেওয়া হয়।
এছাড়া শ্রমিকদের যাতায়াত সংক্রান্ত বিষয়টিও আলোচনায় গুরুত্ব পায়। সিদ্ধান্ত অনুযায়ী, সংশ্লিষ্ট এলাকায় বসবাসরত শ্রমিকদের কিয়ারা লঞ্চঘাট থেকে কর্মস্থলে পৌঁছাতে নির্ধারিত সময়ের আগে যাত্রা শুরুর সময় এবং ডিউটি শেষে নিরাপদে বাসস্থানে ফেরত পৌঁছানো পর্যন্ত সময়কে কর্মঘণ্টার অন্তর্ভুক্ত হিসেবে গণ্য করা হবে। একই সঙ্গে ডিউটি শেষে শ্রমিকদের দ্রুত ও নিরাপদে কিয়ারা লঞ্চঘাটে পৌঁছানোর ব্যবস্থা গ্রহণ করবে মালিক পক্ষ।
অবশিষ্ট অন্যান্য ১৬টি দাবি পারস্পরিক সমঝোতা ও ঐকমত্যের ভিত্তিতে পর্যায়ক্রমে নিষ্পত্তি করা হয়েছে বলে সভা সূত্রে জানা গেছে।
সভায় মালিক পক্ষের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন মোংলা বন্দর বার্থ ও শিপ অপারেটরস অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ জাহিদ হোসেন ও সেক্রেটারি মো. জুলফিকার আলী। শ্রমিক পক্ষের প্রতিনিধিদের মধ্যে ছিলেন মো. আলাউদ্দিন, আলী হোসেনসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ। এছাড়া মোংলা বন্দর কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সভায় উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে মালিক পক্ষ ও শ্রমিক পক্ষের নেতৃবৃন্দ মোংলা বন্দর কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বন্দরের উন্নয়ন ও কার্যক্রমের গতি বাড়াতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
পড়ুন- ময়মনসিংহের ত্রিশালে বিএনপি সাংগঠনিকভাবে অনেক শক্তিসালী, ডা: লিটন
দেখুন- রাস্তার মানুষ একদিন গুলশান বনানী আক্র/ম/ণ করবে: মঞ্জু


