বিজ্ঞাপন

মোদি স্টেডিয়ামে এবারও ফাইনাল: ভারতের স্বপ্নভঙ্গ নাকি শিরোপা জয়?

টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালকে কেন্দ্র করে আহমেদাবাদে রোমাঞ্চ ও উত্তেজনা এখন শিখরে। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে রানার্সআপ হয়েছিল ভারত। সেবার স্বাগতিকদের কাঁদিয়ে শিরোপা জিতেছিল অস্ট্রেলিয়া। আজ একই মাঠে আরেকটি আইসিসি ইভেন্টের ফাইনালে খেলবে ভারত। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারত-নিউজিল্যান্ড ফাইনাল।

বিজ্ঞাপন

ভারতীয় দর্শকদের চাওয়া একটাই— ভারতের বিজয় উল্লাস, যেমনটা ২০২৪ সালের জুনে দেখেছিল। ভারত দুইবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন, কিন্তু দুটি ট্রফির মাঝে তফাৎ ১৭ বছরের। এবার টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ, তাও আবার ঘরের মাঠে। প্রথম কোনো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দল হিসেবে ফাইনালে ওঠার পর ইতিহাস গড়ার হাতছানি গৌতম গম্ভীরের দলের সামনে। প্রথম দল হিসেবে টানা দুইবার ট্রফি জিতবে তারা এবং স্বাগতিক হিসেবেও প্রথমবার চ্যাম্পিয়ন হবে।

এবারের বিশ্বকাপে ঠিক খুব একটা ছন্দে নেই নিউ জিল্যান্ড। তবে অধিনায়ক মিচেল স্যান্টনার বিশ্বাস করে, তার দল শিরোপা জিতবে। তিনি বলেন, ‘একইভাবে যদি আমরা আমাদের খেলা খেলি, তাহলে আরেকটি বড় দলের বিপক্ষে অঘটন ঘটাতে পারব।’ তাছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনবারের দেখায় প্রত্যেকবার নিউ জিল্যান্ড শেষ হাসি হেসেছে। পরিসংখ্যান তাই ব্ল্যাক ক্যাপদের পক্ষে। অন্যদিকে ভারতের বিরুদ্ধে থাকছে অতীত পরিসংখ্যান। কোনো দল স্বাগতিক হিসেবে এখন পর্যন্ত শিরোপা জেতেনি, টানা দুইবার চ্যাম্পিয়ন হতে পারেনি কেউ।

বাহ্যিক চাপের সঙ্গে ভারতের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের শীর্ষ ব্যাটার ও বোলারের ফর্ম। ওপেনিং ব্যাটার অভিষেক শর্মা ও শীর্ষস্থানীয় স্পিনার বরুণ চক্রবর্তী সুবিধা করতে পারছেন না এই আসরে। গ্রুপে টানা তিন ম্যাচ ডাক মারার পর জিম্বাবুয়ের বিপক্ষে ফিফটি তার উল্লেখযোগ্য পারফরম্যান্স। বরুণ তো ইংল্যান্ড ব্যাটারদের নির্দয় আচরণের শিকার। চার ওভারে দেন ৬৪ রান। গ্রুপ পর্বের পর থেকে মাত্র চার উইকেট নিয়েছেন তিনি।

গুরুত্বপূর্ণ সময়ে এই দুজনের নিষ্ক্রিয়তা যখন ভাবাচ্ছে, তখন দলের ব্যাকআপ ওপেনার সাঞ্জু স্যামসন ওপেনিংয়ে এসে নিজেকে প্রমাণ করেছেন। টানা দুটি গুরুত্বপূর্ণ ম্যাচে সর্বোচ্চ রান করে হয়েছেন সেরা খেলোয়াড়। আর বোলিংয়ে জসপ্রীত বুমরাহ আবারো চেনারূপে ফিরে ইংল্যান্ড বধে অসামান্য অবদান রাখেন।

নিউজিল্যান্ড সঠিক সময়ে তাদের সব খেলোয়াড় ফর্ম ফিরে পেয়েছে এবং ভারতকে চুপ করে দেওয়ার মতো যথেষ্ট শক্তি তাদের আছে।

ফাইনাল নিয়ে ক্লার্কের ভবিষ্যদ্বাণী

হাইভোল্টেজ এই ম্যাচের আগে ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাহ এবং দুই দলের জয়ের সম্ভাবনা নিয়ে বড় এক ভবিষ্যদ্বাণী করেছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক। তার মতে, ফাইনালে বুমরাহ ‘ম্যান অব দ্য ম্যাচ’ হলেও অবাক হওয়ার কিছু থাকবে না।

একটি ক্রিকেট পডকাস্টে ক্লার্ক বলেন, ‘চাপের মুখে নিজের দক্ষতাকে কাজে লাগানোই বুমরাহকে বিশ্বের সেরা বোলার করে তুলেছে। সে ভারতের জন্য তুরুপের তাস। ফাইনালে সে যদি সেরা খেলোয়াড় নির্বাচিত হয়, তবে আমি মোটেও অবাক হবো না। সে এখন এতটাই অপ্রতিরোধ্য।’ তবে ফাইনালের সমীকরণ নিয়ে ক্লার্কের বিশ্লেষণ বেশ চমকপ্রদ, ‘দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেমি-ফাইনাল ম্যাচটির আগে যদি বলা হতো যে ভারত-নিউ জিল্যান্ড ফাইনাল হবে, আমার মনে হয় এটা নিয়ে সংশয়ই ছিল না ভারত অনেকটা এগিয়ে থেকে ফেভারিট ছিল। এখন নিউ জিল্যান্ড যেভাবে হারিয়েছে দক্ষিণ আফ্রিকাকে, আমার মনে হয় সমীকরণ ৫০-৫০। তবে শেষ পর্যন্ত আমার মনে হয়, নিউ জিল্যান্ডকে হারিয়ে দেবে ভারত।’

ক্লার্ক মনে করেন, ভারতের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ইতিহাস গড়া। তিনি বলেন, ‘ভারতের জন্য চ্যালেঞ্জ হলো, কোনো দল এখনও পর্যন্ত পরপর দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতেনি। তারা সেটা জানে। তারা জানে যে, নিজেদের আঙিনায় খেলছে এবং তারা এখনও পর্যন্ত টুর্নামেন্টের সেরা দল ও জয়টা তাদের কাছে প্রবলভাবে প্রত্যাশিত।’

বিশ্বকাপ ফাইনাল ঘিরে হোটেল ভাড়া ও টিকিটের দাম আকাশছোঁয়া

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালকে ঘিরে কালোবাজারে টিকিটের দাম আকাশছোঁয়া হয়ে উঠেছে। একই সঙ্গে ম্যাচকে ঘিরে আহমেদাবাদের হোটেল ভাড়াও কয়েক গুণ বেড়ে গেছে। বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামটিতে এক লাখের বেশি দর্শক উপস্থিত থাকার কথা রয়েছে। কিন্তু বিপুল চাহিদার কারণে সরকারি দামে টিকিট পাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

আয়োজকদের নির্ধারিত মূল্যে টিকিটের দাম শুরু হয়েছিল ২ হাজার ভারতীয় রুপি (প্রায় ২২ ডলার) থেকে। অনলাইন টিকিট প্ল্যাটফর্ম বুকমাইশোতে টিকিট বিক্রি শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যেই সব শেষ হয়ে যায়। এরপরই অনেক সমর্থক বাধ্য হয়ে কালোবাজার বা অনানুষ্ঠানিক পথে টিকিট সংগ্রহের চেষ্টা করছেন। সংবাদ সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, যেসব টিকিটের আসল মূল্য ছিল ৩ হাজার ৫০০ রুপি, সেগুলো ম্যাচের আগের দিন কালোবাজারে বিক্রি হচ্ছিল প্রায় ৫৪ হাজার রুপিতে, যা মূল দামের প্রায় ১৫ গুণ বেশি।

ফাইনাল বৃষ্টিতে ভেসে গেলে চ্যাম্পিয়ন হবে কে?

আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও, প্রকৃতি যদি বিরূপ হয় তবে আইসিসি কিছু নির্দিষ্ট নিয়ম মেনে ফলাফল ঘোষণা করবে:

অতিরিক্ত সময় ও ১০ ওভারের ম্যাচ: ওয়াশআউট এড়াতে ফাইনালে অতিরিক্ত ১২০ মিনিট সময় রাখা হয়েছে। ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ফলাফল পেতে হলে দুই দলকেই অন্তত ১০ ওভার করে ইনিংস খেলতে হবে।

রিজার্ভ ডে: যদি রোববার ম্যাচটি শেষ করা না যায়, তবে আইসিসি সোমবার একটি রিজার্ভ ডে রেখেছে। আগের দিন খেলা যেখানে শেষ হয়েছিল, রিজার্ভ ডেতে সেখান থেকেই পুনরায় শুরু হবে।

সুপার ওভার: ফাইনাল যদি টাই (Tie) হয়, তবে চ্যাম্পিয়ন নির্ধারণে সুপার ওভার অনুষ্ঠিত হবে।

যদি বিরল কোনো ঘটনায় রিজার্ভ ডে-তেও খেলা শেষ করা সম্ভব না হয়, তবে আইসিসির নিয়ম অনুযায়ী কোনো এক দলকে এককভাবে বিজয়ী ঘোষণা করা হবে না। সেক্ষেত্রে ভারত ও নিউজিল্যান্ডকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করে ট্রফি ভাগাভাগি করে দেওয়া হবে।

ভারতের সম্ভাব্য একাদশ

অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, ইশান কিষাণ, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, অর্শদীপ সিং ও জাসপ্রিত বুমরাহ।

এদিকে, টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ৩০ বার দেখা হয়েছে দু’দলের। যেখানে ১৮ বার জিতেছে ভারত, ১১ ম্যাচে জয় পায় নিউজিল্যান্ড। একটি ম্যাচ পরিত্যক্ত হয়। জয়-পরাজয় ও অবস্থা নিরিখে পাল্লা যদিও ভারী ভারতেরই। তবু বিশ্বকাপ ফাইনাল নিয়ে ভবিষ্যদ্বাণী করা যায় না। ফলে রোমাঞ্চকর এক লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।

পড়ুন: কুয়েতের আল-আদিরি ঘাঁটিতে ইরানের ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন