ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ব্যবহার করা যাবে না এমন সিদ্ধান্ত থেকে সরে এসেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে মৌখিকভাবে বিষয়টি জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।
তবে ভোট দেয়ার গোপন কক্ষের কোনো ছবি তোলা যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ইসি সচিব। তিনি বলেন, মোবাইল ফোন নিয়ে ভোটাররা ভেতরে যাবেন, প্রার্থীরা যাবেন এবং এজেন্টরাও যাবেন। তারা ছবিও তুলতে পারবেন, তবে কোনোভাবেই গোপন কক্ষের ভেতরে মোবাইল নিয়ে প্রবেশ করা বা ছবি তোলা যাবে না।
রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার বিষয়ে সচিব বলেন, রাজনৈতিক দলের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ আজ এসেছিলেন। তাদের প্রধান কনসার্ন ছিল মোবাইল ফোন। এখানে কিছুটা মিসকমিউনিকেশন হয়েছে। আমরা যা বোঝাতে চেয়েছি, তা লিখিতভাবে সেভাবে প্রকাশ পায়নি। মোবাইল ব্যবহারের ওপর কিছু বিধিনিষেধ থাকবে, যা আমরা এখন ফিল্টার করছি।
এবারের নির্বাচনে ব্যাপক সংখ্যক বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক উপস্থিত থাকছেন বলে জানান ইসি সচিব। তিনি জানান, মোট ৫৪০ জন বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক এসেছেন। আমন্ত্রিত অতিথিদের মধ্যে রয়েছেন ৬০ জন। তুরস্ক, মালয়েশিয়া, ফিলিপাইন ও জর্জিয়া থেকে সাংবাদিক ও পর্যবেক্ষকরা আসছেন। এছাড়া আল জাজিরা, রয়টার্স, ডয়চে ভেলে, এপি ও পাকিস্তান থেকে সাংবাদিকরা সংবাদ সংগ্রহের জন্য আসছেন।
সংস্থাভিত্তিক পর্যবেক্ষকদের মধ্যে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে ২২৩ জন, কমনওয়েলথ থেকে ২৫ জন এবং আইআরআই থেকে ১২ জন প্রতিনিধি থাকছেন।
পড়ুন : ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধ স্বাধীন সাংবাদিকতার ওপর নগ্ন হস্তক্ষেপ


