বিজ্ঞাপন

মোহামেডানকে ২-১ গোলে হারিয়েছে আবাহনী

মালির ফুটবলার সুলেমান দিয়াবাতে ও ঢাকা মোহামেডান সমর্থক শব্দ। ছয় মৌসুম সাদা-কালো জার্সিতে খেলেছেন এই ফরোয়ার্ড। তার অধিনায়কত্বে গত মৌসুমে মোহামেডান ২৩ বছর পর প্রিমিয়ার ফুটবল লিগে চ্যাম্পিয়ন হয়। মোহামেডানের ঘরের ছেলে দিয়াবাতে এবার খেলছেন তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ঢাকা আবাহনীর হয়ে। আজ দিয়াবাতের গোলেই হেরেছে মোহামেডান।

দিয়াবাতের গোলে মোহামেডান অনেক ম্যাচে আবাহনীকে হারিয়েছে। আজ ঘটেছে উল্টো ঘটনা। ম্যাচের দ্বিতীয়ার্ধে নাইজেরিয়ান এমেকার বাড়ানো বলে বক্সের মধ্যে ঠান্ডা মাথায় প্লেসিং শটে মোহামেডানের জালে পাঠান দিয়াবাতে। তার এই গোলেই ম্যাচের জয়-পরাজয় নির্ধারণ করেছে। এই গোলটি মোহামডোনের সমর্থকদের জন্য বুকে শেল হয়ে বিঁধেছে।

ম্যাচের শুরুটা ছিল একেবারে ভিন্ন রকম। ৩ মিনিটের মাথায় মোহামেডানের উজবেক ফরোয়ার্ড মোজাফরভ অলিম্পিক গোল করেন। বাঁ প্রান্ত থেকে কর্নার কিক থেকে সরাসরি বল জালে জড়ান তিনি। দুর্দান্ত বাঁকানো শটের গোলে আবাহনীর গোলরক্ষক মিতুল মারমা ছিলেন দর্শকের ভূমিকায়। আবাহনী খেলায় ফিরতে অবশ্য বেশি দেরি করেনি। ১৪ মিনিট পরই মিরাজুল ইসলাম আবাহনীর হয়ে সমতা আনেন। বক্সের সামনে বল পেয়ে শটে গোল করেন।

এই গোলের আগে অবশ্য মিরাজুল দুই বার সহজ সুযোগ মিস করেন। আবাহনী প্রথমার্ধে একটা ধাক্কা খায়। মোহামেডানের এক আক্রমণ ক্লিয়ার করতে ডিফেন্ডার হাসান মুরাদ ও গোলরক্ষক মিতুল মারমার মধ্যে সংঘর্ষ হয়। ডিফেন্ডার মুরাদ মাথায় ব্যথা পান। অবস্থা বেগতিক দেখে তাকে দ্রুত অ্যাম্বুলেন্স করে হাসপাতালে পাঠানো হয়।

দ্বিতীয়ার্ধে দিয়াবাতে আবাহনীকে এগিয়ে নেন। এই অর্ধে কাজেম শাহ ও মোরসালিন নামার পর আবাহনীর খেলার গতি বাড়ে। মোরসালিন ম্যাচের শেষ দিকে একটি ওয়ানটুওয়ান সুযোগ মিস করেন। মোহামেডান পিছিয়ে পড়ার পর সমতা আনতে মরিয়া ছিল। ইনজুরি সময় ১০ মিনিটে একাধিক আক্রমণ করেছে। বিশেষ করে বক্সের সামনে খুব ভালো জায়গায় ফ্রি কিক পেয়েও সেখান থেকে গোল আদায় করতে পারেনি সাদা-কালোরা। ম্যাচের একেবারে অন্তিম মুহূর্তে মোজাফরভ কর্নার নিলেও বক্সে দাঁড়ানো তার সতীর্থরা ঠিক মতো প্লেসিং করতে পারেননি।

আবাহনী এই জয়ে ১২ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে। এক ম্যাচ কম খেলা ফর্টিজের পয়েন্ট ২১। ঢাকা মোহামেডান ১২ ম্যাচে মাত্র ১১ পয়েন্ট সংগ্রহ করে টেবিলের সাত নম্বরে। ২৪ পয়েন্ট নিয়ে বসুন্ধরা, তবে এক ম্যাচ কম খেলেছে তারা।

এক মাস পর পুনরায় শুরু হওয়া লিগে আজ ছিল তিন ম্যাচ। দিনের অন্য দুই ম্যাচে ২-০ গোলে ব্রাদার্স ইউনিয়ন ফকিরেরপুলকে ও পিডব্লিউডি রহমতগঞ্জকে হারায়। এতে ব্রাদার্স ১৩ পয়েন্টে ছয় নম্বরে আর পিডব্লিউডি ১০ পয়েন্টে ৮ নম্বরে। ফকিরেরপুলেরও পয়েন্ট দশ তবে গোল ব্যবধানে তারা নয় নম্বরে আর রহমতগঞ্জ ১৮ পয়েন্টে চার নম্বরে।

বিজ্ঞাপন

পড়ুন : চাইনিজ তাইপেকে হারিয়ে পঞ্চম হলো বাংলাদেশ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন