মৌলভীবাজারে আগামী ১১ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্যবসায়ীদের শতবর্ষী সংগঠন দি মৌলভীবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বি-বার্ষিক (২০২৬-২৭) নির্বাচন।
এ উপলক্ষে ব্যবসায়ী ফোরামের দুটি প্যানেলের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। প্রায় এক যুগ পর ভোটের মাধ্যমে এই সংগঠনটির নেতৃত্ব নির্বাচন হতে যাওয়ায় ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। প্রার্থীরা আশা করছেন, এই নির্বাচনের মাধ্যমে একটি সত্যিকার অর্থেই ব্যবসা ও ব্যবসায়ীবান্ধব সংগঠনে পরিণত হবে মৌলভীবাজারের চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।
গতকাল রবিবার বিকেলে উৎসবমুখর পরিবেশে শহরের দক্ষিণ কলিমাবাদ চেম্বার কার্যালয়ে মৌলভীবাজারের ব্যবসায়ী প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। এই নির্বাচনে বড় দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। পরিবর্তনের অঙ্গিকার নিয়ে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’ প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন এমসিসিআই এর সাবেক পরিচালক হাসান আহমেদ (জাবেদ) এবং ‘মৌলভীবাজার সম্মিলিত ব্যবসায়ী পরিষদ’ প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন ইঞ্জিনার মো: মোয়াজ্জেম হোসেন।
মনোনয়নপত্র জমা শেষে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’ প্যানেলের হাসান আহমেদ (জাবেদ) বলেন, দীর্ঘদিন নির্বাচন না হওয়ায় চেম্বার অকার্যকর হয়ে পড়েছিল। এ নির্বাচনের মাধ্যমে আমরা প্রতিশ্রæতি দিচ্ছি, নির্বাচিত হলে এ জেলায় তরণ উদ্যোক্তাদের বিনিয়োগে উৎসাহিত করা, ভ্যাট-ট্যাক্স, ব্যাংকিংসহ ব্যবসায়ীদের নানা সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহনের পাশাপাশি চেম্বারকে ব্যবসাবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলবো।
‘মৌলভীবাজার সম্মিলিত ব্যবসায়ী পরিষদ’ প্যানেলের শাহিন আহমদ বলেন, নির্বাচিত হলে আমাদের পরিকল্পনা অনুযায়ি, আমরা চেম্বারকে একটি ব্যবসায়ী সংগঠনে পরিণত করতে যা করা প্রয়োজন সেইভাবে কাজ করবো।
এমসিসিআই নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মো. অলিউর রহমান বলেন, মোট ৩৮টি মনোনয়ন জমা পড়েছে, আশা রাখি দীর্ঘদিন পর হতে যাওয়া এই নির্বাচন আমরা সুষ্ঠ ও নিরপেক্ষভাবে করতে পারবো।
চেম্বার সূত্র জানায়, নির্বাচনের তফসিল অনুযায়ী ১১ ডিসেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ হবে। মৌলভীবাজার চেম্বারে মোট ভোটার অর্ডিনারিতে ৪২৩ জন এবং অ্যাসোসিয়েটে ২২৩ জন।
পড়ুন: গাইবান্ধায় চোর সন্দেহে নিহত তিনজনের পরিচয় মিলেছে
আর/


