মৌলভীবাজারে ঐতিহাসিক ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ৯টায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নবনির্মীত ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ প্রথমে জেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জানান জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন। এসময় তার সাথে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বুলবুল আহমেদসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এর কিছুক্ষণ পর পুষ্পস্তবক অর্পণ করেন জেলা পুলিশ সুপার এম, কে,এইচ জাহাঙ্গীর হোসেন।
এরপর একে একে বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র-ছাত্রীবৃন্দসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, জেলা পরিষদ, মৌলভীবাজার পৌরসভা, পিবিআই, সিভিল সার্জন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, পানি উন্নয়ন বোর্ড, সড়ক ও জনপদ বিভাগ এবং বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জানান গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি।
পরে সেখানেই শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এসময় জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন বলেন, ‘গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মৌলভীবাজারে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হচ্ছে, জুলাইয়ের শহীদদের ঋণ আমরা কখনো শোধ করতে পারব না। আমরা সব সময় তাদের পরিবারের পাশে আছি’।
প্রসঙ্গত, ২০২৪ সালের এই দিনে, ছাত্র-জনতার এক অভূতপূর্ব গণবিস্ফোরণে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ ও দেশ ছেড়ে পালাতে বাধ্য হন। এর মধ্য দিয়ে শেষ হয় আওয়ামী লীগের সাড়ে ১৫ বছরের ফ্যাসিবাদী শাসন। বাংলাদেশের ইতিহাসে এটি অন্যতম রাজনৈতিক পালাবদলের ঘটনা। এই দিনটি পরবর্তীকালে ‘৩৬ জুলাই’ নামে পরিচিতি পায়। এরপর দিনটিকে ঐতিহাসিক ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে ঘোষণা করা হয়। আজ জাতীয়ভাবে মৌলভীবাজারসহ সারা দেশে নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপিত হচ্ছে।
পড়ুন: মৌলভীবাজারে জুলাই “সম্মুখ সারির যোদ্ধাদের সমাগম”
এস/


