যশোরের কেশবপুরে ভেজাল দুধ তৈরির একটি সংঘবদ্ধ চক্রের ছয়জনকে আটক করা হয়েছে। সময় ভেজাল দুধ উৎপাদনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।
সোমবার, ৯ মার্চ, গোপন সংবাদের ভিত্তিতে কেশবপুর উপজেলার পাঁজিয়া ইউনিয়নের পাথরঘাটা গ্রামের ঘোষপাড়ায় এ যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন র্যাব-৬ এর সিপিসি-৩ এর ক্যাম্প কমান্ডার মেজর এ.টি.এম ফজলে রাব্বী প্রিন্স। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেকসোনা খাতুন। এ সময় উপস্থিত ছিলেন যশোর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান।
অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন জানান, জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ এ ধরনের ভেজাল খাদ্য উৎপাদনের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে গরুর দুধে জেলি, সয়াবিন তেল ও সোডা মিশিয়ে ভেজাল দুধ তৈরির অপরাধে পাঁচজনকে এক বছর করে কারাদণ্ড ও এক লাখ টাকা করে জরিমানা করা হয়। সাজাপ্রাপ্তরা হলেন অরুপ ঘোষ, রামপ্রসাদ ঘোষ, বুদ্ধদেব ঘোষ, মিলন ঘোষ ও স্বপন ঘোষ। এছাড়া পার্থ ঘোষকে তিন মাসের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও সাজা দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।
অভিযান চলাকালে কারখানা থেকে বিপুল পরিমাণ জেলি, তেল, সোডা এবং ভেজাল দুধ তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। পরে জনসম্মুখে এসব ক্ষতিকর উপকরণ ধ্বংস করা হয়।
পড়ুন- রাজধানীর মিরপুরে বহুতল ভবনে আগুন
দেখুন- সাগরে ইরানের সাফল্য


