যশোরের চৌগাছা উপজেলার সলুয়া বাজারে জমিজমা সংক্রান্ত পূর্বশত্রুতার জেরে প্রকাশ্য দিবালোকে এক মুদি দোকানিকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় গণপিটুনিতে হামলাকারীও নিহত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে সলুয়া বাজারের কলেজ মোড় এলাকায় ঘটনা ঘটে।
নিহতরা হলেন যশোর সদরের চুড়ামনকাটি ইউনিয়নের জগহাটি গ্রামের তবজেল মল্লিকের ছেলে মুদি ব্যবসায়ী রফিকুল ইসলাম (৪২) এবং একই গ্রামের হযরত আলীর ছেলে হামলাকারী পলাশ। এ ঘটনায় ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর আনুমানিক আড়াইটার দিকে রফিকুল ইসলাম বাড়ি থেকে সলুয়া বাজারে নিজের দোকান খোলার উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে চৌগাছা থানাধীন সলুয়া কলেজের সামনে পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থাকা পলাশ তার ওপর অতর্কিত হামলা চালায়। পলাশ ধারালো হাসুয়া দিয়ে রফিকুল ইসলামের মাথা ও মুখমন্ডলে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।
হামলার পর রফিকুল রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্যে তাকে ঢাকায় রেফার্ড করেন। স্বজনরা জানান, ঢাকায় নেওয়ার পথে নড়াইল পৌঁছালে রফিকুল ইসলাম মারা যান।
অন্যদিকে, ঘটনার পরপরই স্থানীয় জনতা ধাওয়া করে হামলাকারী পলাশকে আটক করে এবং গণপিটুনি দেয়। এতে পলাশ গুরুতর আহত হয়। পুলিশ তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, রফিকুল ইসলাম হামলাকারী পলাশের কাছ থেকে কিছু জমি ক্রয় করেছিলেন। পরবর্তীতে পলাশ তার মা ও বোনকে দিয়ে ওই জমির ওপর ‘হক সেবা’ মামলা করান। এ নিয়ে দুপক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয় এবং রফিকুল সেই দাবি তুলে নেওয়ার জন্য পলাশকে চাপ দিচ্ছিলেন। এই ক্ষোভ থেকেই পলাশ এ হত্যাকান্ড ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
হত্যার বিষয়ে চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করীম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। ঘটনার পরপরই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি পুলিশের নজরদারিতে রয়েছে।
পড়ুন : যশোর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী জহুরুল ইসলামের মনোনয়নপত্র প্রত্যাহার


