বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ২৫ বছর পূর্তি ও রজতজয়ন্তী উদযাপন করেছে যশোরের জনপ্রিয় সাংস্কৃতিক সংগঠন তরঙ্গ শিল্পীগোষ্ঠী। এ উপলক্ষে বৃহস্পতিবার (৯ অক্টোবর) সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
তরঙ্গ শিল্পীগোষ্ঠীর চেয়ারম্যান আহমদ ইব্রাহিম শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার। অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস)-এর প্রধান নির্বাহী আবু মুসা।
তরঙ্গ শিল্পীগোষ্ঠীর পরিচালক রিফাত আহমেদ হিমেলের সঞ্চালনায় অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন দক্ষিণবঙ্গের প্রখ্যাত শিল্পী এ্যাডঃ রোকনুজ্জামান।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক সুজন সরকার বলেন, “সুস্থ সংস্কৃতির বিকাশে তরঙ্গ শিল্পীগোষ্ঠী প্রতিষ্ঠালগ্ন থেকেই একটি বিশাল লক্ষ্য কে সামনে রেখে এগিয়ে যাচ্ছে। সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় তরঙ্গ শিল্পীগোষ্ঠীর কার্যক্রম সত্যিই প্রশংশনীয়। আমি এই সংগঠনটির সর্বাঙ্গীণ কল্যাণ কামনা করি।”
প্রধান আলোচক আবু মুসা তাঁর বক্তব্যে বলেন, “২০২৪ পরবর্তী সময়ে দেশ থেকে স্বৈরাচার বিদায় নিলেও কালচারাল ফ্যাসিস্টরা এখনো রয়ে গেছে। এই অপশক্তিকে প্রতিহত করতে এবং একটি সুস্থ ধারার তরুণ সমাজ গড়ে তুলতে সাংস্কৃতিক বিপ্লবের কোনো বিকল্প নেই।”
সভাপতির শুভেচ্ছা বক্তব্যে আহমদ ইব্রাহিম শামীম তরঙ্গ শিল্পীগোষ্ঠীর ২৫ বছর পূর্তিতে সকল শুভানুধ্যায়ীকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানান। আগামী দিনেও তরঙ্গের পথচলায় সকলকে পাশে থাকার জন্য তিনি আন্তরিকভাবে আহ্বান জানান।
আলোচনা সভা শেষে সংগঠনের শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
পড়ুন : নৌবাহিনীর অভিযানে খুলনার দিঘলিয়ায় মাদক ব্যবসায়ী আটক


