যশোর সদর উপজেলার মান্দারতলা বাজার এলাকায় নকল লুব্রিকেন্ট বা মবিল তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার, ৮ মার্চ জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর যশোর কার্যালয়ের বাজার তদারকি অভিযানে মেসার্স এস এম লুভ নামের প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আনোয়ারকে এই জরিমানা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে বিএসটিআই ও পরিবেশ অধিদফতরের কোনো বৈধ কাগজপত্র ছাড়াই নকল লুব্রিকেন্ট উৎপাদন করে আসছিল। তারা বিভিন্ন ব্র্যান্ডের নাম ব্যবহার করে ম্যানুয়ালভাবে বোতলজাত করে বাজারে সরবরাহ করছিল।
অভিযানের নেতৃত্বে থাকা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সেলিমুজ্জামান জানান, কারখানাটিতে কোনো মবিল পরীক্ষার ল্যাব বা অনুমোদিত ব্যবস্থা ছিল না। অবৈধভাবে মবিল বোতলজাত ও বাজারজাত করার অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর দুটি ধারায় মোট এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর যশোর, বিএসটিআইয়ের কর্মকর্তা, ক্যাব যশোরের সদস্য এবং র্যাব-৬ যশোরের একটি দল উপস্থিত ছিল।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
পড়ুন- বিশ্বকাপ জয়ে নিউজিল্যান্ডকে ২৫৬ রানের টার্গেট দিল ভারত


