যশোরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। সোমবার (২৩ মার্চ) দিবাগত রাত ২টার দিকে যশোর-মাগুরা মহাসড়কের গাইদঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের বাড়ি যশোরের মণিরামপুর উপজেলার ফাতেহাবাদ গ্রামে। তারা সম্পর্কে বাবা, ছেলে ও নাতনি। দুর্ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
নিহতরা হলেন—মণিরামপুরের ফাতেহাবাদ গ্রামের মজিদ সরদার (৭০), তার ছেলে মাহমুদ হাসান জাকারিয়া জনি (৪৩) এবং জাকারিয়া জনির চার বছরের মেয়ে সেহেরিশ। আহতরা হলেন জাকারিয়ার স্ত্রী, ছেলে ও মা। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, হতাহতরা চুয়াডাঙ্গায় আত্মীয়ের বাড়ি থেকে প্রাইভেটকারে মণিরামপুরে নিজ বাড়িতে ফিরছিলেন। তারা যশোর-মাগুরা সড়কের বাঘারপাড়া উপজেলার গাইদঘাট এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বটগাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা তাদের উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে আসে।
পড়ুন: ঈদের টানা ছুটি শেষে কর্মস্থল রাজধানীতে ফিরছে মানুষ
আর/


