যশোরে এক সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা ও কুরুচিপূর্ণ তথ্য পরিবেশনের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করায় এক চিকিৎসকের বিরুদ্ধে মানহানি মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (১ মার্চ) দুপুরে যশোর আদালতে মামলাটি দায়ের করেন ডিবিসি নিউজ ও দ্য ডেইলি অবজারভারের যশোর জেলা প্রতিনিধি এস এম এম সাকিরুল কবীর রিটন। মামলায় মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. রাফসান জানিকে আসামি করা হয়েছে।
আদালত সূত্রে জানা যায়, গত ১৮ মার্চ যশোর প্রেসক্লাব যশোরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডা. রাফসান জানি সাংবাদিক রিটনের বিরুদ্ধে ৩০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ তোলেন, যা মামলার বাদীর দাবি অনুযায়ী সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।
মামলার আরজিতে উল্লেখ করা হয়, আসামির শ্যালিকা সামিয়া আফরোজের দায়ের করা বিয়ের প্রলোভনে ধর্ষণের মামলা কে ঘিরে সৃষ্ট ব্যক্তিগত ও পারিবারিক বিরোধকে আড়াল করতেই পরিকল্পিতভাবে এই অপপ্রচার চালানো হয়েছে। এতে সাংবাদিক রিটনের দীর্ঘদিনের পেশাগত সুনাম ক্ষুণ্ণ হয়েছে বলে অভিযোগ করা হয়।
বাদী আরও দাবি করেন, এ ঘটনায় তার প্রায় ৫০ লাখ টাকার মানহানি হয়েছে।
মামলার বিষয়ে সাংবাদিক সাকিরুল কবীর রিটন বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে সাংবাদিকতা করে আসছি। নিজের পারিবারিক বিষয় ঢাকতে আমাকে জড়িয়ে মিথ্যা চাঁদাবাজির অভিযোগ আনা হয়েছে, যা আমার ব্যক্তিগত ও পেশাগত ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।’
আদালত মামলাটি আমলে নিয়ে আসামি ডাঃ রাফসান জানির বিরুদ্ধে সমন জারির নির্দেশ দিয়েছেন।
পড়ুন : দামুড়হুদায় বিদেশে নেওয়ার নামে লাখ লাখ টাকা হাতিয়ে প্রতারণা


