যশোর শহরের শানতলা এলাকার যশোর ফিলিং স্টেশন থেকে যুবদলের নাম ভাঙিয়ে জোরপূর্বক পেট্রোল অকটেন নিয়ে পরে খোলাবাজারে বেশি দামে বিক্রির ঘটনায় যুবদলের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে।
সোমবার (৩০ মার্চ) রাতে সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কারের এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃতরা হলেন- যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক শামীম কবির ওয়াসিম এবং একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য জাকির হোসেন জিকো দফাদার।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, যুবদলের নেতা শামিম কবির ওয়াসিম ও জাকির হোসেন জিকোর বিরুদ্ধে সুস্পষ্ট প্রমাণসহ দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডের অভিযোগ আনা হয়েছে। বহিস্কৃত এই দুই নেতার কোনো ধরনের অপকর্মের দায় যুবদল নেবে না। একই সঙ্গে যুবদলের সব পর্যায়ের নেতা–কর্মীদের তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
উল্লেখ্য গত শনিবার রাতে যুবদল নেতা শামীম কবির ও জাকির হোসেন যশোর-ঝিনাইদহ মহাসড়কের শানতলা এলাকায় অবস্থিত যশোর ফিলিং স্টেশনে গিয়ে ক্ষমতার প্রভাব খাটিয়ে জোরপূর্বক জালানি তেল নিয়ে যান। পরে সেই তেল বেশি দামে বিক্রি করেছেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি জানাজানি হলে রোববার দুপুরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন ঘটনাস্থলে যান। সিসিটিভি ক্যামেরার ফুটেজে ঘটনার সত্যতা পেয়ে তিনি সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এরই ধারাবাহিকতায় সোমবার তাদের বহিষ্কার করা হয়।
পড়ুন : অভাব আর মানুষের অবহেলাকে ভুলে থাকতে ভিডিও বানাই- তাজু ভাই


