লক্ষ্মীপুর শহরের ঝুমুর এলাকায় চেকপোস্টে কৃষকদল নেতা বদরুল ইসলাম শ্যামলের গাড়ি থেকে ১৫ লাখ টাকা পাওয়া গেছে। পরে যাচাই-বাছাই শেষে টাকাসহ ওই নেতাকে ছেড়ে দিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ৮ টার দিকে শহরের ঝুমুর চত্ত্বর থেকে টাকাসহ শ্যামলের ব্যবহারকৃত গাড়িটি চেকপোস্টে আটক করা হয়। নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটির সদস্য লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক তাহরিনা আক্তার নওরিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি বিস্তারিত কোন বক্তব্য দেননি।
শ্যামল জেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি ও তিনি শহরের আল-আমিন ফার্মেসি মালিক। আটক গাড়ির সামনে ও পেছনে লক্ষ্মীপুর-৩ আসনের বিএনপি প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী নির্বাচনী পোষ্টার সাঁটানো ছিল। শ্যামল এ্যানির খালাতো ভাই।
প্রত্যক্ষদর্শী ও নির্বাচন অনুসন্ধান টিম সূত্র জানায়, নির্বাচনকালীন নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী ঝুমুর এলাকায় চেকপোস্ট চলে। কৃষকদল নেতা শ্যামল নির্বাচনকালীন ব্যবহৃত একটি গাড়িতে (ঢাকা মেট্টো-ঘ ১৭-১৩৭৭) যাচ্ছিলেন। চেকপোস্টে গাড়ি তল্লাশি করে ১৫ লাখ টাকা পাওয়া যায়। পরে শ্যামলকে জেলা ও দায়রা জজ আদালতের ৪ তলায় নিয়ে যাওয়া হয়। সেখানে বিচারক তাহরিনা আক্তার নওরিন আধাঘন্টার মধ্যে কারণ দর্শানোর জন্য নির্দেশ দিয়েছেন। পরে তাদেরকে ছেড়ে দেওয়া হয়।
এ ব্যাপারে বিএনপি প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, নির্বাচনী এজেন্টদের খরচের জন্য বহন করা ১৫ লাখ টাকা চেকপোস্টে যাচাই-বাছাই শেষে আদালত ছেড়ে দিয়েছে। বিষয়টি নিয়ে বিভ্রান্তিকর প্রচার চালিয়ে তার ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
এ্যানি বলেন, আমার নির্বাচনী এজেন্ট গাড়ি নিয়ে ভোটকেন্দ্রে যাচ্ছিলেন। ওই গাড়িতে নির্বাচনের এজেন্টদের প্রয়োজনীয় খরচের ১৫ লাখ টাকা ছিল। কর্তৃপক্ষ সেটি পরীক্ষা-নিরীক্ষা করে আদালতের মাধ্যমে ছেড়ে দিয়েছেন। কিন্তু একটি পক্ষ এটিকে ভিন্নভাবে উপস্থাপন করে অপপ্রচার চালাচ্ছে। নির্বাচনকে ঘিরে অযথা বিতর্ক তৈরি না করে সবাইকে দায়িত্বশীল আচরণ করা উচিত।
টাকাসহ কৃষকদল নেতা আটকের বিষয়ে লক্ষ্মীপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহা: রেজাউল হক বলেন, আটকের পর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে জানানো হয়। পরে আদালত পরিচালনা করে যাচাই-বাছাই করে তা ছেড়ে দেওয়া হয়। এটি নির্বাচনী তহবিলের বৈধ টাকা বলে নিশ্চিত হয়।
পড়ুন : লক্ষ্মীপুরে দুই অস্ত্র কারবারি আটক, বিপুল পরিমাণ অস্ত্র-গোলাবারুদ উদ্ধার


