যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের পোর্ট আর্থারে অবস্থিত ভ্যালেরো এনার্জি করপোরেশনের একটি অপরিশোধিত তেল শোধনাগারে সোমবার (২৩ মার্চ) বিকেলে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের ফলে আকাশজুড়ে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায় এবং আশপাশের ঘরবাড়ি কেঁপে ওঠে।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, বিস্ফোরণের পর শহরের পশ্চিমাঞ্চলের বাসিন্দাদের নিরাপত্তার জন্য ঘরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। শোধনাগারে প্রায় ৭৭০ জন কর্মী কাজ করেন। প্রতিদিন এখানে প্রায় ৪ লাখ ৩৫ হাজার ব্যারেল পেট্রোল, ডিজেল ও জেট জ্বালানি উৎপাদন করা হয়। তবে এই দুর্ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ভ্যালেরো এনার্জি করপোরেশনের এক কর্মকর্তা জানিয়েছেন, শোধনাগারের সব কর্মী নিরাপদে রয়েছেন। এক স্থানীয় বাসিন্দা জানিয়েছেন, বিস্ফোরণের সময় পুরো এলাকায় পচা ডিমের মতো দুর্গন্ধ ছড়িয়ে পড়েছিল, যা সাধারণত সালফারের গন্ধ হিসেবে পরিচিত। অন্যরা জানিয়েছে, বিস্ফোরণের ধাক্কায় তাদের বাড়িঘর ও যানবাহন কেঁপে ওঠে।
জেফারসন কাউন্টির শেরিফ জেনা স্টিফেনস জানিয়েছেন, শোধনাগারের একটি হিটিং ইউনিটে ত্রুটির কারণে বিস্ফোরণ ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
পড়ুন: ঈদের টানা ছুটি শেষে কর্মস্থল রাজধানীতে ফিরছে মানুষ
আর/


