ইরানের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে নিজেদের ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের দু’টি যুদ্ধবিমানকে অবতরণের অনুমতি দেয়নি শ্রীলঙ্কা। দেশটির দক্ষিণাঞ্চলের একটি বেসামরিক বিমানবন্দরে ওই যুদ্ধবিমানগুলো নামাতে চেয়েছিল ওয়াশিংটন। শুক্রবার (২০ মার্চ) পার্লামেন্টে দেয়া এক বক্তব্যে লঙ্কান প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েকে এ তথ্য জানান।
প্রেসিডেন্ট জানান, গত ২৬ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই অনুরোধ করা হয়েছিল। তারা জিবুতির একটি ঘাঁটি থেকে আটটি জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রসহ দুটি যুদ্ধবিমান ৪ থেকে ৮ মার্চের জন্য মত্তলা আন্তর্জাতিক বিমানবন্দরে রাখতে চেয়েছিল। কিন্তু শ্রীলঙ্কার নিরপেক্ষতা বজায় রাখতে এবং নিজেদের ভূখণ্ডকে কোনও সামরিক উদ্দেশ্যে ব্যবহৃত হতে না দিতে সেই অনুরোধ প্রত্যাখ্যান করা হয়েছে।
তিনি বলেন, ‘আমরা ৯ থেকে ১৩ মার্চের জন্য কলম্বো বন্দরে ইরানের তিনটি জাহাজ আনার অনুরোধ তখনও বিবেচনা করছিলাম। আমরা যদি ইরানকে ‘হ্যাঁ’ বলতাম, তাহলে আমাদের যুক্তরাষ্ট্রকেও ‘হ্যাঁ’ বলতে হতো।’
অনুরার এই ভাষণের সময় শ্রীলঙ্কার ২২৫ সদস্যের আইনসভায় করতালি শুরু হয়ে যায়। এর মাঝে তিনি বলেন, ‘কিন্তু আমরা তা করিনি। আমরা নিরপেক্ষ অবস্থানের ওপর অটল রয়েছি।’
প্রসঙ্গত, গত ৪ মার্চ দ্বীপরাষ্ট্রটির দক্ষিণ উপকূলের ঠিক কাছেই ইরানি জাহাজ ‘আইআরআইএস ডেনাতে’ টর্পেডো হামলা চালায় যুক্তরাষ্ট্র। এতে অন্তত ৮৪ জন নাবিক নিহত হন। শ্রীলঙ্কান নৌবাহিনী ৩২ নাবিককে জীবিত উদ্ধার করেছে।
পড়ুন : যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল ঘোষণা মালয়েশিয়ার


