মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের সমাপ্তি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবিকে সরাসরি নাকচ করে দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। তারা সাফ জানিয়ে দিয়েছে, যুদ্ধের সমাপ্তি নির্ধারণের সুযোগ ওয়াশিংটনের হাতে নেই, বরং ইরানই ঠিক করবে এই যুদ্ধের অবসান হবে।
মঙ্গলবার (১০ মার্চ) ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিমে প্রকাশিত এক প্রতিবেদনে আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলি মোহাম্মদ নায়েনির এই কড়া হুঁশিয়ারি সামনে আসে।
এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধের সময়সীমা এবং তাদের সাফল্য নিয়ে যে মন্তব্য করেছিলেন, তা ‘মিথ্যা ছাড়া আর কিছু নয়’ বলে অভিহিত করেছেন জেনারেল নায়েনি। তিনি বলেন, ‘ট্রাম্প যুক্তরাষ্ট্রের জনগণের কাছে সত্য গোপন করছেন। আসলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক অবকাঠামো এখন ধ্বংসস্তূপ। নিজেদের শোচনীয় পরাজয় ঢাকতেই তিনি কাল্পনিক সামরিক বিজয়ের গল্প শুনাচ্ছেন।’
নায়েনি বলেন, ‘আমরাই নির্ধারণ করব এই যুদ্ধের সমাপ্তি কীভাবে হবে।’
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি হ্রাস পেয়েছে—ট্রাম্পের এমন দাবিকেও উড়িয়ে দিয়েছে আইআরজিসি। নায়েনির দাবি, ‘ইরানের সামরিক শক্তি কমেনি বরং বহুগুণ বেড়েছে। বর্তমানে যুদ্ধের শুরুর দিকের চেয়েও ভারী এবং ধ্বংসাত্মক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হচ্ছে, যার একেকটির ওজন এক টনেরও বেশি।’
যুদ্ধের প্রভাব হিসেবে জ্বালানি বাজারের ওপর নিয়ন্ত্রণের হুমকি দিয়ে আইআরজিসি জানিয়েছে, ইরান ও তার মিত্রদের ওপর আক্রমণকারীদের কোনোভাবেই এই অঞ্চল থেকে তেল রপ্তানি করতে দেওয়া হবে না। নায়েনি বলেন, ‘এক লিটার তেলও কোনো আগ্রাসী শক্তির কাছে পৌঁছাবে না। জ্বালানি তেল ও গ্যাসের দাম নিয়ন্ত্রণে রাখার পশ্চিমা চেষ্টা স্রেফ পণ্ডশ্রম।’
এর আগে বাংলাদেশ সময় মঙ্গলবার রাত প্রায় ২টার দিকে সংবাদমাধ্যম সিবিএসকে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ প্রায় সম্পন্ন হয়েছে। এ যুদ্ধ দ্রুত শেষ হয়ে যাবে।’
তার দাবি, ইরানিদের এখন আর কোনো নৌবাহিনী নেই। কোনো যোগাযোগব্যবস্থা অবশিষ্ট নেই। তাদের বিমানবাহিনীও নেই। তাদের ক্ষেপণাস্ত্র শেষ হয়ে গেছে। তাদের ড্রোন তৈরির কারখানাগুলো উড়িয়ে দেওয়া হচ্ছে।
তিনি বলেন, ‘আমরা ভেবেছিলাম যুদ্ধ শেষ হতে চার থেকে পাঁচ সপ্তাহ লাগতে পারে। সেই সময়ের তুলনায় আমরা এগিয়ে আছি।’ হরমুজ প্রণালি দিয়ে এ মুহূর্তে জাহাজ চলাচল করছে দাবি করে ট্রাম্প বলেন, ‘আমরা হরমুজ প্রণালি নিয়ন্ত্রণে নেওয়ার চিন্তা করছি।’
পড়ুন: তেহরানে ভয়াবহ বোমাবর্ষণ, নিহত অন্তত ৪০
আর/


