বাংলাদেশ ব্যাংকের কাছে গচ্ছিত শেখ মুজিবুর রহমানের ছবিযুক্ত টাকার নোট সিলগালা করে নতুন ডিজাইনের নোট ছাপিয়ে বাজারে ছেড়েছিল সদ্যবিগত অন্তর্বর্তী সরকার। এতে সরকারের বিপুল অর্থ অপচয় হবে এমন সমালোচনা থাকলেও পুরোনো নোট বাজারে না ছাড়ার সিদ্ধান্তে অনড় থাকে ড. মুহাম্মদ ইউনুস নেতৃত্বাধীন সেই সরকার। তবে, নির্বাচিত সরকার আসার পর এখন সেই সিলগালা নোট বাজারে ছাড়া হচ্ছে আবার।
এ বিষয়ে ব্যাংকাররা বলছেন, কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা মেনেই পুরনো ডিজাইনের নোট বিনিময় করা হচ্ছে। কেন্দ্রীয় ব্যাংক বলছে, যেহেতু এসব নোট নিষিদ্ধ করা হয়নি, তাই বিতরণে বাধা নেই।
জুলাই অভ্যুথানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের সঙ্গে সঙ্গে দেশের বিভিন্ন স্থানে শেখ মুজিবের ভাস্কর্যগুলো ভেঙে ফেলে আন্দোলনকারীরা। পরে শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসে শেখ মুজিবের ছবিযুক্ত নোট বাজারে ছাড়া বন্ধ করার সিদ্ধান্ত নেয় এবং নতুন ডিজাইনের নোটের প্রচলন ঘটায়।
তবে, নবনির্বাচিত সরকার এসে নতুন ডিজাইনের নোট ছাপানোর পেছনে অর্থ অপচয় বন্ধের সিদ্ধান্ত নেয়। এর ফলে, বাংলাদেশ ব্যাংকে সিলগালা অবস্থায় থাকা শেখ মুজিবুর রহমানের ছবিযুক্ত পুরনো নোট আবার বাজারে ছাড়া হচ্ছে এখন।
পড়ুন : দেশে অকটেন-পেট্রোলের বর্তমান মজুত পরিস্থিতির আসল চিত্র জেনে নিন


