রংপুর রিজিয়নের সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও মানবপাচার- সব ধরনের অপরাধ দমনে নভেম্বর মাসে বড় সফলতা পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার দুপুরে দিনাজপুর সেক্টর সদর দপ্তরের গুলজার মিলনায়তনে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) আয়োজিত প্রেস ব্রিফিংয়ে বক্তব্য দেন ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার।
তিনি জানান, রিজিয়নের অধীনস্থ ৪ সেক্টর ও ১৫টি ব্যাটালিয়নের সদস্যরা পুরো মাসজুড়ে পরিচালিত অভিযানে ৪৮ জন আসামিসহ ৪ কোটি টাকার বেশি মূল্যের মাদক ও বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল আটক করেছে।
আটক মাদকের মধ্যে রয়েছে- ফেন্সিডিল ৯৬৬ বোতল, বিদেশি মদ ১,০০০ বোতল, ইয়াবা ৩ হাজার ৪৬৯ পিস, ২২৮ কেজির বেশি গাঁজা, নেশাজাতীয় সিরাপ, ট্যাবলেট ও ইনজেকশন মিলিয়ে প্রায় ৩৫ হাজার পিস। এ ছাড়াও ভারতীয় প্রসাধনী, ওষুধ, খাদ্যসামগ্রী, শাড়ি, কম্বল, কৃষিপণ্য, ট্রাক, ইজি বাইক, নৌকা, মোটরসাইকেলসহ বিভিন্ন পণ্য আটক করে বিজিবি। সীমান্ত থেকে উদ্ধার করা হয় ১১৫টি গরু, ১৩টি মহিষ ও দুইটি ছাগল।
অপরদিকে, মানবপাচার প্রতিরোধ অভিযানে উদ্ধার করা হয়েছে ৫ পুরুষ, ৩ নারী ও ২ শিশু। আটক হয়েছে পাচারকারী চক্রের এক ভারতীয় সদস্য।
অস্ত্র উদ্ধার অভিযানে মিলেছে ৩টি বিদেশি ওয়ান শুটার গান, ৬ রাউন্ড গুলি ও ২.৩ কেজি গান পাউডার।
তিনি আরও জানান, সীমান্ত সুরক্ষায় সক্ষমতা বাড়াতে রংপুর রিজিয়নে নতুন ৬টি বিওপি স্থাপন করা হয়েছে। এর মধ্যে লালমনিরহাটের চতুরবাড়ী বিওপি নভেম্বরেই উদ্বোধন করা হয়। এছাড়া পুরো মাসে বিএসএফের সঙ্গে ৪১৩টি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
দিনাজপুরের বিরল সীমান্ত এলাকায় ৩০০ গরিব-দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র, শিশুদের মাঝে ১০০টি কম্বল এবং ৫০০ জনকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে বিজিবি।
প্রেস ব্রিফিংয়ে আরও বক্তব্য রাখেন বিজিবি দিনাজপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান, অতিরিক্ত পরিচালক (অপারেশন) মেজর তানিম হাসান খানসহ অন্যরা।
পড়ুন- বিজিবির এক রিজিয়নে এক মাসে ৪ কোটি টাকার চোরাচালান আটক


