34.4 C
Dhaka
০৬/০৩/২০২৬, ১৬:১০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

রংপুরে নির্বাচনী কার্যক্রমে আনসার–ভিডিপির প্রস্তুতিমূলক সমাবেশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬কে সামনে রেখে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে রংপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন


শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রংপুর স্টেডিয়াম মাঠে আয়োজিত এ সমাবেশে জেলার বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক আনসার ও ভিডিপি সদস্য অংশগ্রহণ করেন। একই সঙ্গে রংপুর, দিনাজপুর ও নীলফামারী জেলার সমাবেশ ভার্চুয়ালি উদ্বোধন করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
উদ্বোধনী বক্তব্যে মহাপরিচালক বলেন, “নির্বাচন একটি রাষ্ট্রীয় দায়িত্ব ও আমানত। এই দায়িত্ব পালনে আনসার ও ভিডিপি সদস্যদের পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও সর্বোচ্চ শৃঙ্খলা বজায় রাখতে হবে। কোনো প্রকার রাজনৈতিক পক্ষপাত কিংবা ব্যক্তিগত প্রভাব নির্বাচন প্রক্রিয়ায় স্থান পাবে না।”


তিনি আরও বলেন, আধুনিক প্রযুক্তির ব্যবহার ও প্রশিক্ষিত জনবল মোতায়েনের মাধ্যমে নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। দায়িত্ব পালনের সময় জাতীয় পতাকা ও আনসার বাহিনীর পতাকার মর্যাদা সমুন্নত রেখে নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। কোনো অনিয়ম, পক্ষপাত বা দুর্নীতি চোখে পড়লে তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা এবং সংশ্লিষ্ট অ্যাপের মাধ্যমে দ্রুত তথ্য প্রদানের নির্দেশনাও দেন মহাপরিচালক।
সমাবেশে রংপুর রেঞ্জের উপমহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল, বিপিএম, পিভিএমএস বলেন,
“আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সবসময় রাষ্ট্রের প্রয়োজনে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। আসন্ন নির্বাচনে প্রযুক্তিনির্ভর নিরাপত্তা ব্যবস্থা ও মাঠপর্যায়ের সুসংগঠিত প্রস্তুতির মাধ্যমে একটি গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে আমরা সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছি।”


তিনি জানান, ভোটকেন্দ্রভিত্তিক নিরাপত্তা পরিকল্পনা ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে এবং প্রতিটি কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত সদস্যদের করণীয় স্পষ্টভাবে নির্ধারণ করা হয়েছে। নির্বাচনকালীন দায়িত্ব পালনের সময় সতর্কতা, ধৈর্য ও দায়িত্বশীল আচরণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।
সমাবেশে জানানো হয়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে সারাদেশে পাঁচ লাখ ৬০ হাজারের বেশি আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন থাকবে। রংপুর জেলার প্রতিটি ভোটকেন্দ্রেও নির্ধারিত সংখ্যক সদস্য দায়িত্ব পালন করবেন। তাদের দায়িত্বের মধ্যে থাকবে— ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, ভোটারদের শান্তিপূর্ণভাবে ভোট প্রদান নিশ্চিত করা, কেন্দ্রের শৃঙ্খলা বজায় রাখা, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সহায়তা প্রদান এবং যেকোনো আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ।
এছাড়া ভোটের নিয়মাবলি ও আচরণবিধি সম্পর্কে বিস্তারিত নির্দেশনা প্রদান করা হয়। এতে বলা হয়— কোনো ভোটারকে প্রভাবিত করা যাবে না, ভোট গ্রহণ প্রক্রিয়ায় অযাচিত হস্তক্ষেপ করা যাবে না, নির্বাচন কমিশনের নির্দেশনা ও প্রচলিত আইন কঠোরভাবে অনুসরণ করতে হবে এবং সর্বোচ্চ নিরপেক্ষতা বজায় রাখা বাধ্যতামূলক।


সমাবেশে আরও জানানো হয়, প্রথমবারের মতো ডাটাবেজভিত্তিক যাচাই-বাছাইয়ের মাধ্যমে যোগ্য আনসার ও ভিডিপি সদস্যদের নির্বাচনকালীন দায়িত্বে নিয়োজিত করা হয়েছে।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জ পরিচালক মো. শফিকুল আলম, রংপুর জেলা কমান্ড্যান্ট রাশেদুল ইসলামসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়া উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, প্রশিক্ষক-প্রশিক্ষিকা এবং ভাতা ভোগী আনসার ও ভিডিপি সদস্যরা উপস্থিত ছিলেন।

পড়ুন- ওসমান হাদি হত্যার বিচার দাবিতে যমুনার সামনে অবস্থান ইনকিলাব মঞ্চের

দেখুন- নির্বাচনী প্রচারণায় ঢাকা-১৮ আসনে বিএনপি প্রার্থীর জনসমাবেশ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন