০১/০৩/২০২৬, ২৩:৫৮ অপরাহ্ণ
22.4 C
Dhaka
০১/০৩/২০২৬, ২৩:৫৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশ গড়তে হবে : বারহাট্টায় এমপি আনোয়ারুল হক

নেত্রকোনার বারহাট্টায় উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় সভা করেছেন নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক।

রবিবার (১ মার্চ) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে দুর্নীতিমুক্ত ও জবাবদিহিমূলক প্রশাসন গড়ার কড়া বার্তা দেন নবনির্বাচিত নবনির্বাচিত সংসদ সদস্য।

বক্তব্যে তিনি বলেন, “শুধু কথার কথায় থাকলে চলবে না, বাস্তবে কাজ করতে হবে। অতীতের দুর্নীতি বা অপকর্ম আমরা ভুলে যেতে চাই। কিন্তু ছাত্র-জনতার রক্ত ও পঙ্গুত্বের বিনিময়ে যে ‘নতুন বাংলাদেশ’ আমরা পেয়েছি, তা গড়তে সবাইকে সততার সাথে দায়িত্ব পালন করতে হবে।”

তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, “আপনারা কে কোন আদর্শে বিশ্বাসী বা কার আমলে নিয়োগ পেয়েছেন, তা আমরা দেখতে চাই না। এখন থেকে দায়িত্বশীলতার সাথে কাজ করতে হবে। কাজে ব্যত্যয় ঘটলে বা অবহেলা দেখা গেলে কোনো ছাড় দেওয়া হবে না।” স্বচ্ছতা নিশ্চিতে প্রতিটি দপ্তরকে তাদের কাজের অগ্রগতি নিয়ে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন (পাওয়ারপয়েন্ট) তৈরিরও নির্দেশ দেন তিনি।

পাশাপাশি, উপজেলা পর্যায়ের উন্নয়ন কার্যক্রমকে গতিশীল করতে তিনি সবসময় প্রশাসনের পাশে থাকবেন বলে আশ্বস্ত করেন। বিভিন্ন দপ্তরের প্রয়োজন ও চাহিদাগুলো লিখিত আকারে তুলে ধরার আহ্বান জানিয়ে এমপি বলেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের সাথে সমন্বয়ের মাধ্যমে সকল সমস্যা সমাধানের দ্রুত উদ্যোগ নেওয়া হবে। বারহাট্টাকে একটি মডেল উপজেলা হিসেবে এগিয়ে নিতে তিনি সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা. জিনিয়া জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মো. সাজেদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান, সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. কামরুল হাসান, সমাজসেবা কর্মকর্তা এ এস এম গোলাম হোসাইন, বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (ওসি) শিবিরুল ইসলাম এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান প্রমুখ।

এ সময় মতবিনিময় সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সভাপতি মোস্তাক আহমেদ ও সাধারণ সম্পাদক আশিক আহমেদ কমল, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি রহমত আলী তালুকদার, বারহাট্টা প্রেসক্লাবের সভাপতি শামস উদ্দিন আহমেদ বাবুল, উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আক্কাস আলী, সহ-সভাপতি আরিফুল্লাহ সোহেল, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মানিক আজাদ, বারহাট্টা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল হক ফারুকসহ বিএনপির অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়াও বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রধানগণ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, ইউপি চেয়ারম্যানবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এ সভায় অংশ নেন।

বিজ্ঞাপন

পড়ুন : রাইন ওকে মার্কেট ব্যবসায়ীদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন