জুলাই পদযাত্রা কর্মসূচিতে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মুখ্য সমন্বয়ক গাজী নাসিরুদ্দীন পাটোয়ারী রাঙামাটিতে আসায় এনসিপির পদযাত্রার সমাবেশের পরেই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদকে নিয়ে কক্সবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী ‘কুরুচিপূর্ণ’ বক্তব্য দেয়ার প্রতিবাদে এ বিক্ষোভ করে সংগঠনগুলো।
রোববার (১৯ জুলাই) দুপুর ২টা ১০ মিনিটে পূর্বনির্ধারিত পদযাত্রা ও সমাবেশ শেষ করে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা শুরু করেন এনসিপির নেতারা। এরপরই পৌনে ৩টায় রাঙামাটি শহরের কাঁঠালতলী জেলা বিএনপি কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করেন জেলা ছাত্রদল ও যুবদল নেতাকর্মীরা।
এসময় ছাত্রদলের বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন রাঙামাটি জেলা ছাত্রদলের সভাপতি ফারক আহমদ সাব্বির ও সাধারণ সম্পাদক আলী আকবর সুমন
সমাবেশে ছাত্রদলের সভাপতি ফারক আহমদ সাব্বির বলেন, ‘এনসিপি নেতা নাসিরুদ্দীন পাটোয়ারী বক্তব্যের কারণে এনসিপি নেতারা শনিবার কক্সবাজার থেকে ধাওয়া খেয়ে পালিয়েছেন। তার বক্তব্য একটি সভ্য রাজনৈতিক ও গণতান্ত্রিক রাষ্ট্রে কেউ আশা করে না।সালাহউদ্দিন আহমেদকে নিয়ে বক্তব্য দেয়ায় রাঙামাটির ছাত্রসমাজ ক্ষুব্ধ হয়েছে।’
এদিকে, সমাবেশ শেষে দ্রুতই সভাস্থল ত্যাগ করে চট্টগ্রামের উদ্দেশ্য রওনা করেন এনসিপির নেতারা। তবে জেলা ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে এনসিপির সমাবেশমঞ্চের দিকে যাওয়ার চেষ্টা করলে শহরের কাঁঠালতলী মোড়ে তাদের আটকে দেয় পুলিশ। এসময় সড়ক বন্ধ করে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে নেতাকর্মীরা। তারা এনসিপির বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দিতে থাকে। পরে পুলিশ তাদের সড়িয়ে দেয়।
অন্যদিকে, শহরের বনরুপায় এনসিপির সমাবেশ শুরু আগেই শহরের সকল যানবাহন বন্ধ হয়ে পড়ে। এসময় এইচএসসি পরীক্ষার্থীরা পরীক্ষা শেষে ফেরার পথে গাড়ি চলাচল বন্ধ করায় ভোগান্তিতে পড়েন।
পড়ুন : রাঙামাটিতে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশে এনসিপিকে হুঁশিয়ারি, পুলিশ মোতায়েন


