রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের একটি কেন্দ্রে জাল ভোট দিতে গিয়ে এক যুবক নিরাপত্তাবাহিনীর হাতে আটক হয়েছে। বৃহস্পতিবার ভোটের দিন দুপুরে এ ঘটনা ঘটে।
জানা গেছে, আটক মো. ইয়াছিন (২৪) ঘাগড়া বাজার এলাকার বাসিন্দা। সে উপজেলায় ঘাগড়া ইউনিয়নের আরটিএম সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে জাল ভোট দেওয়ার চেষ্টাকালে আটক হয়।
বিষয়টি নিশ্চিত করে আরটিএম সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের পুলিশ ইনচার্জ সোহেল মোল্লা বলেন, মো. ইয়াছিন নামে এক যুবক জাল ভোট দেওয়ার চেষ্টাকালে সেনাবাহিনীর তাকে আটক হয়। সে এখন আমাদের হেফাজতে আছে। তাকে ভ্রাম্যমাণ আদালতের কাছে সোপর্দ করার চেষ্টা চলছে।
জানতে চাইলে কাউখালী উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও কাজী আতিকুর রহমান বলেন, আরটিএম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এক যুবক আটকের ঘটনা শুনেছি।
এর আগে, দুপুর ১টার পর জেলা শহরের পুরানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রেও জাল ভোট দেওয়ার অভিযোগে এক যুবক আটক করে ভ্রাম্যমাণ আদালতের সোপর্দ করে প্রিসাইডিং অফিসার।
আটক শফিউল বাশার (১৯) ভোট দেওয়ার আগেই ধরা পড়েন। পরে প্রিসাইডিং অফিসার ভ্রাম্যমাণ আদালতের কাছে তাকে সোপর্দ করেন। জানতে চাইলে পুরানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার টিপু সুলতান বলেন, এক ব্যক্তি জাল ভোট দিতে আসলে তাকে পুলিশের মাধ্যমে ভ্রাম্যমাণ টিমের হাতে তুলে দেয়া হয়।
পুরানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের পুলিশ ইনচার্জ মো. আলী হোছাইন বলেন, ভোট দেওয়ার সময় একজনকে আটক করা হয়েছে। তবে তিনি ভোট দিতে পারেনি। প্রিজাইডিং অফিসারের তত্বাবধানে পুলিশের মোবাইলে টিমের কাছে তাকে তুলে দেয়া হয়েছে।
পড়ুন- পরাজয়ের ভয়ে প্রতিপক্ষের সহিংসতা: আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ বিএনপির


