পাহাড়ি জেলা রাঙামাটিতে ‘গণমাধ্যমের অপ-সাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাঙামাটি জেলাপ্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় রাঙামাটির অতিরিক্ত জেলাপ্রশাসক মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি একেএম আব্দুল হাকিম।এতে বিশেষ অতিথি ছিলেন- বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (উপসচিব) মো. আব্দুস সবুর, রাঙামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব।
বাংলাদেশ প্রেস কাউন্সিল ও তথ্য মন্ত্রণালয়ের যৌথ আয়োজন এবং রাঙামাটি জেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত এ কর্মশালায় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক অংশগ্রহণ করেছেন।
প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান একেএম আব্দুল হাকিম বলেন, ‘গণমাধ্যম হচ্ছে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। তাই দেশ ও জনগণের কল্যাণ সাধনে গণমাধ্যমের সঙ্গে সংশ্লিষ্ট সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। গণমাধ্যমকে অপ-সাংবাদিকতা প্রতিরোধসহ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে। এতে করে দেশে ও জাতি উপকৃত হবেন।’
চেয়ারম্যান আরও বলেন, ‘সাংবাদিকরা নিজেদের অধিকার সম্পর্কে নিজেরাই জানেন না। তারা কী কী অধিকার ও সুরক্ষা সংরক্ষণ করেন, তা বেশিরভাগেরই অজানা। প্রেস কাউন্সিল জুডিসিয়ারি প্রতিষ্ঠান, কিন্তু এখানে সাংবাদিকদের পক্ষের লোকজনই বেশি। অনেক প্রতিষ্ঠান তার কর্মীকে নিয়োগপত্র প্রদান করেন না৷ বেতন-ভাতা দেয় না।’
শেষে প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারী সাংবাদিকদের সনদ বিতরণ করা হয়।
পড়ুন: টাঙ্গাইলে ৮টি আসনে ঝুঁকিপূর্ণ কেন্দ্র ১৬০
দেখুন: ফরিদপুরের নর্থ চ্যানেলে পদ্মা নদীর ভাঙনে জমি, বসত ঘর |
ইম/


