রাজধানীর কদমতলী থানার ধোলাইপাড় এলাকার ডিপটি গলিতে একটি ভাঙ্গারি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ করে গোডাউনের ভেতর থেকে ধোঁয়া ও আগুনের শিখা বের হতে দেখে আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে এগিয়ে আসে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছালেও সরু সড়ক ও যানবাহন প্রবেশে প্রতিবন্ধকতার কারণে তাদের কার্যক্রম ব্যাহত হয়। ফলে এলাকাবাসী নিজেরাই পানির পাম্প ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে সক্ষম হয়।
এলাকাবাসীর অভিযোগ, ডিপটি গলির সড়কটি অত্যন্ত সরু হওয়ায় কোনো বড় যানবাহন বা জরুরি সেবা দ্রুত প্রবেশ করতে পারে না। তারা দ্রুত এ সমস্যার স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন।
অগ্নিকাণ্ডে গোডাউনে থাকা ভাঙ্গারি মালামালের প্রায় তিন লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত কার্যক্রম চলছে।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

