ঈদের তৃতীয় দিনে বিভিন্ন বিনোদনকেন্দ্রে আনন্দ সময় পার করছেন সাধারণ মানুষ৷ বিভিন্ন রাইডে চড়ে বড়দের সঙ্গে ছোটরাও সে আনন্দে মাতোয়ারা। জাতীয় চিড়িয়াখানাসহ রাজধানী ও এর আশপাশের বিভিন্ন স্থানে ঢল নামে ভ্রমণপিপাসুদের।
সোমবার (৯ জুন) সাভারের আশুলিয়ার ফ্যান্টাসি কিংডমে বিনোদনপ্রেমীদের ভিড়। ওয়াটার রাইডসহ বিভিন্ন রাইডে চড়ে আনন্দে সময় পার করছেন তারা।

ভ্যাপসা গরমে তাদের ভরসা ওয়াটার গেমে। সঙ্গে যোগ হয়েছে কৃত্রিম ঢেউ আর মিউজিকের তালে নাচ। সাধারণ মানুষের চাওয়া সরকারি উদ্যাগে এমন বিনোদনকেন্দ্র হোক।
এদিকে, রাজধানীর মিরপুরে অবস্থিত জাতীয় চিড়িয়াখানায় দর্শনার্থীদের ঢল নেমেছে। ঢাকা শহরের পাশাপাশি দূরদূরান্ত থেকেও বাসে করে দল বেঁধে আসছেন অনেকেই। পরিবার ও স্বজনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতেই এসেছেন তারা, এমনটাই জানিয়েছেন অনেক দর্শনার্থী।
সোমবার (৯ জুন) সকালে গেট খোলার আগেই লম্বা লাইন দেখা যায় দর্শনার্থীদের। বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে ভিড়।
অপরদিকে, চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে আগামী কয়েক দিন চিড়িয়াখানায় এমন ভিড় থাকতে পারে।
যান্ত্রিকতায় ভরপুর ঢাকা শহরের দর্শনীয় স্থানগুলোর মধ্যে অন্যতম হল এই জাতীয় চিড়িয়াখানা। আজ অনেকেই এখানে এসেছেন পরিবার ও বন্ধু-বান্ধবদের নিয়ে। কেউ কেউ আবার এসেছেন কোলাহলময় নগরজীবন থেকে খানিকটা প্রশান্তি খুঁজতে। ঈদের আমেজ আর অবসর একসাথে উপভোগ করতে পেরে আনন্দিত সবাই। বেশির ভাগ দর্শনার্থীর চেহারায় ছিল আনন্দ আর সন্তুষ্টির ছাপ। তবে গরমের কারণে অনেকেই আবার অস্বস্তিতেও ভুগছেন।
এছাড়া, ঈদের সময় পরিবার-পরিজন নিয়ে অনেকেই ছুটছেন ঐতিহাসিক স্থাপনাগুলোতেও। তাই তো গরম উপেক্ষা করেও ঈদ আনন্দের অন্যতম গন্তব্য হয়ে উঠেছে মোঘল আমলের স্থাপত্য লালবাগ কেল্লা।
ঈদের আরও বেশ কয়েকদিন ছুটি থাকায় প্রতিদিনই বিভিন্ন বিনোদনকেন্দ্রে ভিড় করবেন সাধারণ মানুষ।


