রাজধানীতে পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছে। উত্তরায় আজমপুর মোড়ে, মধ্যরাতে দাঁড়িয়ে থাকা পথচারীদের ওপর উঠে যায়, পাথরবোঝাই একটি ট্রাক। এতে প্রাণ গেছে তিন জনের। একই রাতে, কাফরুল থানাধীন বিজয় সরণি লিংরোডে মাইক্রোবাসের সাথে দ্রুতগামী একটি মোটরসাইকেলের সংঘর্ষে ২ আরোহী নিহত হয়।
আধো ঘুমে শহর যখন নিস্তব্ধ, ঠিক তখনই উত্তরার ব্যস্ততম মোড় আজমপুরে ঘটে নির্মম ঘটনা। পাথরবোঝাই বেপরোয়া ট্রাকের নিচে তছনছ হয়ে যায় তিনটি জীবন, থেমে যায় তিনটি পরিবারের স্বপ্ন।
নিহত জাবেদ আলম , নাইমুল হক আর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী অমিত সম্পর্কে মামা-ভাগ্নে। তিনজনই উত্তরার একটি হাসপাতালে গিয়েছিলেন, আরেক আত্মীয়ের মরদেহ দেখতে। ফেরার পথেই প্রাণ হারাতে হলো সবাইকে।
ঘটনাস্থলে দুজন মারা গেলে, একজনকে আহত অবস্থায় নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানেই মারা যান অন্যজনও। মরদেহ রাখা হয়েছে, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে। ট্রাকটি জব্দ করে চালক আর হেল্পারকে আটক করেছে পুলিশ।
রাজধানীর কাফরুল থানা এলাকায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের বিপরীত পাশের সড়কে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেলে থাকা দুই যুবক নিহত হয়েছেন। দুটি ঘটনাতেই জীবনের স্বপ্নযাত্রা থেমে গেছে এক মর্মান্তিক মুহূর্তে।
এনএ/


