রাজবাড়ীর কালুখালী উপজেলার সাওরাইল এলাকায় যৌথ বাহিনীর পরিচালিত এক অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ এবং ডাকাতির সরঞ্জামসহ চিহ্নিত ডাকাত ও চাঁদাবাজ চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার মধ্যেরাত ৩ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর রাজবাড়ী আর্মি ক্যাম্পের একটি আভিযানিক দল কালুখালী থানা পুলিশের সমন্বয়ে জামালপুর ইউনিয়নের সাওরাইল গ্রামে মজনু গ্রুপের সক্রিয় সদস্যদের বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তারকৃতরা হলেন- কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের জামালপুর গ্রামের মৃত কেচমত আলীর ছেলে মোঃ মজিবর রহমান (৬৭), মজিবুর রহমানের ছেলে মোঃ আবু সায়েম (৩০), মজিবুর রহমানের স্ত্রী মোছাঃ সাজেদা খাতুন (৫৩), একই ইউনিয়নের আলমডাঙ্গা গ্রামের লালচাঁন আলীর ছেলে মোঃ জসিম মন্ডল (৩৪) ও মাগুরা জেলার শ্রীপুর থানার শ্রীপুর ইউনিয়নের খড়িবাড়িয়া গ্রামের মোঃ হাসেম আলী মোল্লার ছেলে মোঃ সুলতান আলী মোল্লা (৩৭)।
এদের মধ্যে মোঃ মজিবুর রহমানের বসতঘরে অভিযান চালিয়ে একটি ৯ মি.মি. পিস্তল (মেড ইন ইউএসএ) একটি পিস্তলের ম্যাগাজিন, ১৫ রাউন্ড তাজা গুলি, তিনটি ওয়ান শুটার বন্দুক, একটি ব্যাটন, দুইটি ছুড়ি, একটি হকি স্টিক, তিনটি স্মার্টফোন, তিনটি বাটন ফোন, তিনটি জাতীয় পরিচয়পত্র, দুইটি চেকবই, দুইটি মদের বোতল, দুইটি এটিএম কার্ড, তিনটি পাসপোর্ট, একটি লেজার পয়েন্টার ও একটি ড্রাইভিং লাইসেন্স।তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে- গ্রেফতারকৃতরা মজনু গ্রুপের হয়ে দীর্ঘদিন ধরে পাংশা ও কালুখালী উপজেলায় সংঘবদ্ধ চাঁদাবাজি ও সশস্ত্র ডাকাতি চালিয়ে আসছিলো।
অভিযান শেষে গ্রেফতারকৃত আসামিদের এবং উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য জব্দকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কালুখালী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
এ বিষয়ে কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ সহ ৫জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কালুখালী থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
পড়ুন: রাজবাড়ীতে পাট উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ
দেখুন: ধ্বং*স প্রায় ঠাকুরগাঁওয়ের ঐতিহ্যবাহী দুটি রাজবাড়ী
এস


