রাজশাহীর গোদাগাড়ীতে লোহার হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা মামলার প্রধান আসামীসহ ৭ জন পলাতক আসামীকে দিনাজপুরের নবাবগঞ্জ থেকে র্যাব-৫ ও র্যাব-১৩’র যৌথ অভিযানে গ্রেফতার করা হয়েছে।
গভীর রাতে দাউদপুর ইউনিয়নের হায়াতপুর পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গত ৬ জুলাই বিকেলে জমি সংক্রান্ত কাজ শেষে বাড়ি ফেরার পথে গোদাগাড়ীর সাগরা মোড়ে মনিরুল ইসলাম (৪৭) নামের এক ডেকোরেটর ব্যবসায়ীকে লোহার রড, হাতুড়ি ও বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের স্ত্রী পরদিন গোদাগাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
গ্রেফতারকৃত আসামিরা হলেন: মোঃ আশরাফুল ইসলাম (৬০), মফিজুল ইসলাম (৫০), সাদ্দাম হোসেন (৩৭), আকবর আলী (২৮), বাবর আলী (১৯), হানিফ (২৯) ও রমজান আলী (২০)। তাদের সবার বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলায়।
মামলার পর র্যাব ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারী শুরু করে। অবশেষে মামলা দায়েরের ৩৬ ঘণ্টার মধ্যে এজাহারনামীয় ৭ আসামিকেই গ্রেফতার করতে সক্ষম হয়। হত্যাকাণ্ডটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে এবং দেশব্যাপী আলোড়ন তোলে।
পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে কোন্দল-গ্রুপিংয়ে বিএনপিতে অস্বস্তি
দেখুন: নানা সঙ্কটে চালু হচ্ছে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক নগর পরিবহন
ইম/


