নরসিংদীর রায়পুরা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এরশাদ ও হানিফ মাস্টার নামে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে এক কিশোর নিহত হয়েছে। নিহত মোস্তাকিম মিয়া (১৪) উপজেলার সায়দাবাদ গ্রামের মাসুদ মিয়ার ছেলে।
আজ সকালে সায়দাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিনের বিরোধের জেরে ভোরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে গোলাগুলির ঘটনা ঘটে, এতে উভয় পক্ষের একাধিক ব্যক্তি আহত হন।
সংঘর্ষের সময় মোস্তাকিম গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত কিশোর কোনো গ্রুপের সঙ্গে জড়িত ছিল না বলে দাবি করেছে তার পরিবার।
নিহতের মা শাহানাজ বেগম জানান, আজ সকাল ছয়টার দিকে তিনি ঘুম থেকে উঠে বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় বাড়ির পাশের সড়ক দিয়ে এসে দুর্বৃত্তরা ঘরের পাশ থেকে গুলি ছুড়ে পালিয়ে যায়। এতে তার ছেলে মোস্তাকিম গুলিবিদ্ধ হয়।
তিনি আরও বলেন, তার স্বামী মাসুদ মিয়া প্রবাসে থাকেন। তিন ছেলের মধ্যে বড় ছেলে বিদেশে কর্মরত এবং ছোট ছেলে সেনাবাহিনীতে চাকরি করেন। তাদের পরিবার কোনো দল বা গ্রুপের সঙ্গে সম্পৃক্ত নয়। তিনি মোস্তাকিমকে নিয়ে বাড়িতে বসবাস করতেন। এ ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক বিমল বরণ ঘোষ বলেন, আজ সকালে মোস্তাকিম নামে গুলিবিদ্ধ এক কিশোরকে তার স্বজনরা হাসপাতালে নিয়ে আসেন। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর কোনো প্রাণের স্পন্দন না পাওয়ায় তাকে মৃত ঘোষণা করা হয়। তার শরীরের বাম পাশে একটি গুলির চিহ্ন পাওয়া গেছে।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান তিনি। তবে আহতের সংখ্যা জানাতে পারেননি তিনি।
পড়ুন- উপাচার্যের নামে অপপ্রচারের প্রতিবাদে নেত্রকোনা বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিন্দা
দেখুন- ‘দেশের মানুষ এবার লু-ট-পা-ট ও স-ন্ত্রা-সে-র রাজনীতিকে বিদায় দিতে চায়’


