ভারতের উত্তরপ্রদেশের মিরাট শহরে রমজানের শেষ শুক্রবারে জুমাতুল বিদার নামাজ এবং ঈদের আগে রাস্তায় নামাজ পড়া নিষিদ্ধ করেছে স্থানীয় পুলিশ। এই নিষেধাজ্ঞা লঙ্ঘন করলে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের ঘোষণা দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, নির্দেশনা না মানলে পাসপোর্ট ও ড্রাইভিং লাইসেন্স বাতিল হতে পারে।
আজ শুক্রবার (২৮ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
মিরাটের পুলিশ সুপার আয়ুশ বিক্রম সিং বলেছেন, ঈদের নামাজ নির্ধারিত মসজিদ বা ঈদগাহে হওয়া উচিত এবং রাস্তায় নামাজ পড়া উচিত নয়। এছাড়া কেন্দ্রীয় মন্ত্রী জয়ন্ত সিং চৌধুরী সতর্ক করেছেন যে, ফৌজদারি মামলা হলে পাসপোর্ট ও লাইসেন্স বাতিল হতে পারে এবং নতুন পাসপোর্ট পাওয়ার প্রক্রিয়া জটিল হয়ে যেতে পারে।
মিরাটের সিনিয়র পুলিশ সুপার বিপিন তাদা জানিয়েছেন, স্থানীয় ধর্মীয় নেতাদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো বা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। শহরের স্পর্শকাতর এলাকাগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
এদিকে উত্তরপ্রদেশের অন্যান্য এলাকায়ও ঈদের আগে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। লখনৌতে ১ হাজার পুলিশ সদস্য এবং ৯ কোম্পানি পিএসি মোতায়েন করা হয়েছে। ঈদের সময় অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের পক্ষ থেকে শান্তি বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।
এনএ/


