32.4 C
Dhaka
০৩/০৩/২০২৬, ১১:৫০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

রুমিন ফারহানার প্রত্যাশিত আসন পেলেন জমিয়তের জুনায়েদ হাবিব

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসন থেকে বিএনপির প্রার্থী হয়ে ধানের শীষে নির্বাচন করার আগ্রহ ছিল জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক রুমিন ফারহানার। তবে আসন সমঝোতার কারণে এই আসন জমিয়তে উলামায়ে ইসলামের সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিবকে ছেড়ে দিয়েছে বিএনপি।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় তিনি বলেন, দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে যারা স্বতন্ত্রভাবে নির্বাচন করবেন, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

বিএনপি মহাসচিব বলেন, জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থীরা যেসব আসনে নির্বাচন করবেন, বিএনপি সেসব আসনে কোনো প্রার্থী দেবে না। এ সময় তিনি জনগণকে খেজুর গাছ প্রতীকে ভোট দিয়ে ধানের শীষকে শক্তিশালী করার আহ্বান জানান।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ব্যাপক আলোচনায় ছিলেন ব্যারিস্টার রুমিন ফারহানার মনোনয়ন। গত ৩ নভেম্বর ২৩৭ আসনে বিএনপি প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করে। সেই তালিকায় ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে কারো নাম ঘোষণা করেনি বিএনপি। এরপর থেকেই বিএনপির স্থানীয় নেতাকর্মীরা অনেকটা নিশ্চিত হয়ে যায় এই আসনটিতে প্রার্থী দেওয়া হচ্ছে জোটের জুনায়েদ আল হাবীবকে। তবে ব্যারিস্টার রুমিন ফারহানা বন্ধ রাখেননি তার নির্বাচনি প্রচার প্রচারণা। বিভিন্ন সভা সমাবেশে দলের মনোনয়ন না পেলে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ইঙ্গিত দিচ্ছিলেন তিনি।

দলীয় মনোনয়ন না পেলেও ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসন থেকে নির্বাচন করার কথা জানিয়েছেন রুমিন ফারহানা। গত শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের বিটঘর বাজারে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া এবং মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে রুমিন ফারহানা এ কথা জানান।
তিনি বলেন, ‘আমি যা বলি, আমি তা–ই করি; এইটা ভালো হইলে, ভালোমন্দ হইলে আমার কিছু করার নাই। আপনারা যদি আমার পাশে থাকেন, মার্কা যা–ই হোক, নির্বাচন করব আমি সরাইল–আশুগঞ্জ থেকেই।’

অবশেষে আজ মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের বিষয়ে স্পষ্ট করলো বিএনপি। এই আসনে বিএনপির যুগপৎ আন্দোলনের সহযোগী জমিয়তে উলামায়ে ইসলামের সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীবকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।

এই ঘোষণার পর রুমিন ফারহানার সমর্থকরা হতাশ। তাদের দাবি রুমিন ফারহানাকে মূল্যায়ন করেনি দল।

রুমিন ফারহানার একনিষ্ঠ সমর্থক আশুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক রাসেল বিপ্লব বলেন, আমরা প্রত্যাশা করেছিলাম আমাদের এলাকার উন্নয়নের জন্যে রুমিন আপাকে বিএনপি মনোনীত করবে। কিন্তু দলের সিদ্ধান্তে আমরা হতাশ। তবে আমরা ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উন্নয়নের স্বার্থে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত করবো।

তবে সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লস্কর তপু বলেন, আমরা বিএনপি পরিবার দলের সিদ্ধান্ত অনুযায়ী কাজ করবো। দলের বাইরে আমরা কেউ যাব না। দীর্ঘ যাবত আমরা ভোট দিতে পারিনি। দলের সিদ্ধান্ত বাস্তবায়ন আমাদের নৈতিক দায়িত্ব।

পড়ুন- অবশেষে নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি জোটের প্রার্থী হিসেবে মনির কাসেমীর নাম ঘোষণা 

দেখুন- শরীয়তপুরে মুখোমুখি বিএনপি-এনসিপি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন