নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক মাদক কারবারি থানায় এসে আত্মসমর্পণ করে ভবিষ্যতে মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার অঙ্গীকার করেছেন। এ সময় তিনি একটি মুচলেকা প্রদান করেন।
পুলিশ জানা যায়, উপজেলার বানিয়াদী গ্রামের মৃত নুর মিয়ার ছেলে আওলাদ হোসেন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে স্থানীয়ভাবে সমালোচিত ছিলেন। পরে তিনি নিজের ভুল বুঝতে পেরে রূপগঞ্জ থানায় উপস্থিত হয়ে মাদক ব্যবসা ছেড়ে দেওয়ার ঘোষণা দেন।
নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর দিকনির্দেশনায় রূপগঞ্জ থানা পুলিশ মাদকবিরোধী অভিযান জোরদার করে। এ সময় বিএনপির অঙ্গ সংগঠনের কয়েকজন নেতাকর্মীও এ কার্যক্রমে সহযোগিতা করেন। এরই ধারাবাহিকতায় শনিবার রূপগঞ্জ থানায় হাজির হয়ে আওলাদ হোসেন আত্মসমর্পণ করেন।
পুলিশের উপস্থিতিতে তিনি ফৌজদারি কার্যবিধির ১০৭(২) ধারায় একটি মুচলেকা দেন। মুচলেকায় উল্লেখ করা হয়, ভবিষ্যতে তিনি আর কোনো ধরনের মাদক ব্যবসা বা অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়াবেন না এবং আইন-শৃঙ্খলা পরিপন্থী কোনো কাজে অংশ নেবেন না।
এ সময় রূপগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ নাজিম উদ্দিন মুচলেকাটি গ্রহণ করেন। তিনি বলেন, সমাজকে মাদকমুক্ত করতে পুলিশের পাশাপাশি সবাইকে এগিয়ে আসতে হবে। কেউ যদি স্বেচ্ছায় মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে চান, পুলিশ তাদের সহযোগিতা করবে।
পড়ুন : রাঙ্গাবালীতে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূলে মানববন্ধন


