এসএসসি পরীক্ষা ২০২৫-এ নারায়ণগঞ্জের রূপগঞ্জের ইউসুফগঞ্জ স্কুল এন্ড কলেজের শিক্ষার মান ও ভয়াবহ ফলাফল বিপর্যয় শুনে সভামঞ্চেই প্রধান শিক্ষক আব্দুল হালিম মিঞাসহ সংশ্লিষ্টদের ক্ষোভ ঝাড়লেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম। সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পূর্বাচলের ১ নং সেক্টরে বিদ্যালয় মাঠে নারায়ণগঞ্জ জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে নতুন ৪ তলা ভবনের ১ তলা ভবন নির্মান কাজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এমন ক্ষোভ ঝাড়েন।
তিনি বক্তব্যে বলেন, স্কুল ভবন হচ্ছে কিন্তু শিক্ষার্থীদের শিক্ষার মান বাড়েনি। উপজেলায় ৪৭ তম স্থানে থাকা মানে একই বিদ্যালয় থেকে ৪২ জন গণিতেসহ মোট ৮০ জন পরীক্ষার্থী অকৃতকার্য হওয়ার দায় শিক্ষকদের নিতে হবে। ভবন হলেই চলে না। শিক্ষা দিতে হবে। দেশের অন্যতম ধনী অঞ্চলের এ শিক্ষা প্রতিষ্ঠানের এমন ফলাফল মেনে নিতে পারবো না। এটা দূর্ভাগ্যজনক।
এ সময় উপস্থিত ছিলেন, স্কুল এন্ড কলেজ সভাপতি সাবেক প্রধান শিক্ষক আব্দুল হাই খন্দকার, বিএনপি নেতা জিন্নাত আলী, রুবেল ভুইয়া, অভিভাবক সদস্য আব্দুল বাতেন প্রমূখ।
এ সময় সভাপতির বক্তব্যে আব্দুল হাই খন্দকার বলেন, অজানা কারনে বিগত সময়ে ইউসুফগঞ্জ স্কুল এন্ড কলেজের ভবন হয়নি। যা করেছে রাজউক করেছে। এখন আমি দায়িত্ব গ্রহণ করেছি। সামনে থেকে শিক্ষাসহ সব ধরনের উন্নয়নে কাজ করবো।
পড়ুন: রূপগঞ্জে প্রধান শিক্ষককে অবসরকালীন বিদায় সংবর্ধনা
এস/


