জুলাই অভ্যুত্থানের পর দেশের অর্থনীতি রেমিট্যান্সনির্ভর হয়ে পড়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেছেন, “রেমিট্যান্স ছাড়া দেশের অর্থনীতি চালু রাখা সম্ভব হতো না।” মঙ্গলবার ইতালির রোমে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, রাজনৈতিক অস্থিরতা ও বৈদেশিক বিনিয়োগে ভাটা পড়ার প্রেক্ষাপটে প্রবাসীদের পাঠানো অর্থই দেশের অর্থনীতিকে সচল রাখছে। দেশের প্রতি প্রবাসীদের এই অবদানকে তিনি ‘অমূল্য’ বলে অভিহিত করেন।
সভায় প্রধান উপদেষ্টা আরও জানান, ইতালি সরকার অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠানোর পরিকল্পনা করছে এবং এর বিপরীতে বৈধ প্রক্রিয়ায় নতুন করে কর্মী নেওয়ার পরিকল্পনাও রয়েছে। তিনি বলেন, “এই সুযোগ কাজে লাগাতে হলে আমাদের প্রশিক্ষিত ও দক্ষ কর্মী প্রস্তুত রাখতে হবে।
প্রবাসীদের প্রশ্নের উত্তরে ইউনূস বলেন, সরকার প্রবাসীদের সুবিধা বাড়াতে কাজ করছে এবং রেমিট্যান্স পাঠানোর প্রক্রিয়াকে আরও সহজ ও নিরাপদ করার উদ্যোগ নেওয়া হয়েছে।


