র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। নতুন নাম হচ্ছে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)।
আজ মঙ্গলবার এ নাম পরিবর্তনের আদেশে অনুমোদন দেন প্রধান উপদেষ্টা।
আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। নামের পরিবর্তনের পাশাপাশি বাহিনীটির পোশাকেও পরিবর্তন আনা হচ্ছে।
নাম পরিবর্তনের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, নামটির প্রতি মানুষের খারাপ ধারণা ছিল, মানুষের ইচ্ছেই ছিল এই নামটির পরিবর্তন হোক। মানুষের ইচ্ছে পূরণ করতেই র্যাবের নামের পরিবর্তন হয়েছে।
তিনি আরও বলেন, ৫ আগস্টের পর থেকেই র্যাবের কার্যক্রমে অনেক পরিবর্তন হয়েছে। র্যাবের নামের পরিবর্তনের সাথে কাজেরও পরিবর্তন আসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
তিনি আরও বলেন, ৫ আগস্টের পর পুলিশের মনোবল অনেক ভালোভাবে ফিরে এসেছে। আগের পুলিশ এখন আর নেই।
নির্বাচন নিয়ে জাহাঙ্গীর আলম বলেন, এবারের নির্বাচন খুবই সুষ্ঠু, উৎসবমুখর, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য হবে। নির্বাচনে মব হবে না বলে আশা করছি। সেভাবেই সব ধরনের চেষ্টা করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
২০০৪ সালের ২৬ মার্চ গঠিত হয় বিশেষ বাহিনী র্যাব এবং একই বছরের ১৪ এপ্রিল তাদের কার্যক্রম শুরু করে।
দ্য আর্মড পুলিশ অর্ডিন্যান্স ১৯৭৯ (সংশোধনী ২০০৪) অনুসারে বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ আনসার ও ভিডিপি, বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ কোস্ট গার্ড সদস্যদের নিয়ে র্যাব গঠিত হয়। র্যাবের সদর দফতর ঢাকার উত্তরায় অবস্থিত।
পড়ুন : দলীয় এজেন্ডা বাস্তবায়নের প্রমাণ মিললে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা


