লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা এলাকায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
অভিযোগ উঠেছে, বিএনপি নেতা বেলাল হোসেনের ঘরে তালা লাগিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এসময় ঘরে ঘুমন্ত ৭ বছরের শিশু আয়েশা বেগম বিনতি পুড়ে মারা যায়। দগ্ধ হন বিএনপি নেতা বেলাল হোসেন এবং তার দুই শিশু কন্যা বিথি আক্তার ও স্মৃতি আক্তার। তাদের মধ্যে বিথি ও স্মৃতির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকায় বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) গভীর রাতে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বেলাল হোসেন বিএনপির ভবানীগঞ্জ ইউনিয়ন শাখার সহ-সাংগঠনিক সম্পাদক। তিনি তার পরিবার নিয়ে রাতে ঘুমিয়ে ছিলেন। এ সময় বাইরে থেকে তালা লাগিয়ে দুর্বৃত্তরা ঘরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।
লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রনজিত কুমার দাস জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। নিহত শিশুসহ অগ্নিদগ্ধ তিনজনকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদ পারভেজ বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি পরিকল্পিত নাশকতা হতে পারে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
পড়ুন: ওসমান হাদির মৃত্যুতে আজ পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক
আর/


