লক্ষ্মীপুরে নির্বাচনী প্রচারণাকালে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার চরশাহী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বটগাছতলা এলাকায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে রাতে পুলিশ সদর হাসপাতালে গিয়ে আহত ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। এ সময় হাসপাতালে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা জড়ো হয়ে শ্লোগান দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে হামলার অভিযোগ তুলে রাত সাড়ে ৮টার দিকে জামায়াত নেতাকর্মীরা শহরে বিক্ষোভ মিছিল করে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, একটি বাড়িতে মহিলা জামায়াতের তালিম ও ভোট চাওয়াকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে তা মারামারিতে রূপ নেয়।
ঘটনার পর শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, ভোটার আইডি কার্ড চাওয়াকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। এতে উভয়পক্ষের কয়েকজন আহত হয়েছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
পড়ুন : লক্ষ্মীপুরে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ শুরু


