গাজীপুরে সাংবাদিক হত্যাকাণ্ডের রেশ কাটতে না কাটতেই এবার লক্ষ্মীপুরে সাংবাদিক হেনস্তার অভিযোগ উঠেছে। স্থানীয় কিশোর গ্যাংয়ের হামলার সংবাদ সংগ্রহে গিয়ে হেনস্তার শিকার হয়েছেন জাতীয় টেলিভিশন স্টার নিউজের লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি আন নাজমুস সাকিব। অভিযুক্তদের মধ্যে রয়েছেন সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ও পৌর ছাত্রদলের সহ-সভাপতি রবিউল ইসলাম।
ঘটনাটি ঘটে শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যায় জকসিন বাজারে। সাংবাদিক সাকিব জানান, বাজার এলাকায় কিশোর গ্যাংয়ের হামলার খবর পেয়ে তিনি সেখানে গেলে মাসুম নামে এক কিশোরকে কাঁদতে দেখেন। হামলাকারীদের জিজ্ঞাসাবাদের সময় স্থানীয়রা কয়েকজনকে আটক করলেও নজরুল ও রবিউল এসে পরিস্থিতি উত্তপ্ত করে তোলেন।
তিনি বলেন, আমি সাংবাদিক পরিচয় দিলেও নজরুল বারবার আমার দিকে তেড়ে আসেন এবং ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিয়ে উত্তেজনা ছড়ান।
ভুক্তভোগী মাসুম জানান, কয়েকদিন ধরে এলাকার কিছু কিশোর আমাকে বড় ভাইয়ের সঙ্গে দেখা করতে বলছিল। রাজি না হওয়ায় শুক্রবার বাজারে গেলে তারা ১৫-২০ জন মিলে আমার ওপর হামলা চালায়। পরে নজরুল এসে তাদের নিয়ে যায়।
ঘটনার নিন্দা জানিয়ে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি হোসেন আহমেদ হেলাল বলেন, সাংবাদিকদের নিরাপত্তা বিঘ্নিত হলে প্রশাসন ও রাজনৈতিক দলগুলোকেই দায় নিতে হবে। দ্রুত ব্যবস্থা না নিলে সাংবাদিক সমাজ আন্দোলনে নামবে।
জেলা ছাত্রদল সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম বলেন, ঘটনাটি গুরুত্ব দিয়ে দেখছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনার তদন্ত ও দোষীদের শাস্তি দাবি করেছেন সচেতন মহল। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ চেয়েছেন তারা।
পড়ুন: গাইবান্ধায় জামায়াত নেতার গলাকাটা মরদেহ উদ্ধার
দেখুন: মাত্র পাঁচ বছর বয়সী কন্যা সন্তানকে এতিম করে দিলো সন্ত্রাসীরা |
ইম/


