নতুন কোনো করারোপ ছাড়াই লক্ষ্মীপুর পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রায় ১০৩ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার (৯ জুলাই) দুপুরে পৌরসভা হলরুমে এ বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক মো. জসীম উদ্দিন।
ঘোষিত বাজেটে মোট আয় ধরা হয়েছে ১০২ কোটি ৭৯ লাখ ৮৬ হাজার ৩৯১ টাকা। আর ব্যয়ও ধরা হয়েছে আয় বরাবরই— অর্থাৎ একই পরিমাণ। বাজেটে উল্লেখযোগ্য অগ্রাধিকার দেওয়া হয়েছে অবকাঠামোগত উন্নয়ন, স্বাস্থ্যসেবা, ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন এবং পরিচ্ছন্নতা কার্যক্রমে।
বাজেট ঘোষণায় জানানো হয়, নতুন অর্থবছরের জন্য পৌরসভার মোট সম্ভাব্য আয় ও ব্যয় সমান ধরা হয়েছে। এতে ঘাটতি বা উদ্বৃত্ত কিছুই রাখা হয়নি। বাজেটের মূল আয়ের উৎস হিসেবে রয়েছে রাজস্ব আদায়, সরকারি উন্নয়ন সহায়তা, বিভিন্ন প্রকল্প বরাদ্দ ও অনুদান।
পৌর প্রশাসক মো. জসীম উদ্দিন বলেন, “এই বাজেট লক্ষ্মীপুর পৌরসভার টেকসই উন্নয়ন ও নাগরিকদের জীবনমান উন্নয়নের জন্য একটি রূপরেখা। সরকারের বিভিন্ন দপ্তর ও উন্নয়ন সহযোগীদের সহায়তায় পৌরসভার উন্নয়ন কার্যক্রম আরও বেগবান হবে বলে আশা করছি।”
বাজেট অধিবেশনে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর জনস্বার্থ প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী বিলকিস আকতার, পৌর নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ ফারাবী, পৌরসভার নির্বাহী প্রকৌশলী জুলফিকার হোসেন, সহকারি প্রকৌশলী শামছুল আলম, হিসাব রক্ষন কর্মকর্তা মো. শাহাদাত হোসেন, স্যানেটারী ইন্সপেক্টর ফজলে রাব্বানি, আবদুল্লাহ হিল হাকিম, সমাজ উন্নয়ন কর্মকর্তা মোজাম্মেল হোসেন কামরুল প্রমুখ।
এ সময় স্থানীয় সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা বাজেটের বিভিন্ন দিক তুলে ধরেন এবং স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে বাজেট বাস্তবায়নের আহ্বান জানান। অনুষ্ঠানে পৌরসভার কর্মকর্তা, কর্মচারী ও নাগরিক প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
পড়ুন: নাগরিক টেলিভিশনের সংবাদ প্রচারের পর খুদে বিজ্ঞানী আল কাসাবের খোঁজ নিলেন তারেক রহমান
দেখুন: কার্যকর হওয়ার আগেই পরিবর্তনের পথে সড়ক পরিবহন আইন
ইম/


